বঙ্গভবন ও বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্স রক্ষণাবেক্ষণে অবহেলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গভবন ও গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কমপ্লেক্স সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি এ জন্য গণপূর্ত অধিদপ্তরকে দায়ী করেছে।

আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এ জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়।

বৈঠক শেষে কমিটির সদস্য নূর-ই-আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, গণপূর্ত অধিদপ্তর সঠিকভাবে রাষ্ট্রপতির বাসভবন রক্ষণাবেক্ষণ করে না। গোপালগঞ্জে বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্স অবহেলিত। এসব বিষয়ে সংসদীয় কমিটি অসন্তোষ প্রকাশ করেছে।

বৈঠক সূত্র জানায়, বৈঠকে প্রসঙ্গটি উত্থাপন করেন কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী। তিনি জানান, বঙ্গভবনের দরবার হল যথাযথভাবে রক্ষণাবেক্ষণ হয় না। হলের কার্পেটগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না। বঙ্গভবনের আশপাশের নর্দমাগুলো সব সময় অপরিচ্ছন্ন থাকে, বাগানের পরিচর্যা করা হয় না। কমিটি এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের কাছে জানতে চেয়েছে।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, বৈঠকে বঙ্গভবনের দরবার হলসহ অন্যান্য ভবন এবং টুঙ্গিপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিক্ষেত্র রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। এ ছাড়াও বৈঠকে গৃহায়ণ কর্তৃপক্ষের মিরপুরের খালি ৩০টি ফ্ল্যাটের মধ্যে ২৩টি ফ্ল্যাট ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত পরিবারের সদস্যদের নামে বরাদ্দ দেওয়ার সুপারিশ করা হয়।

ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, নূর-ই-আলম চৌধুরী, আবদুছ ছাত্তার, আসাদুজ্জামান খাঁন, জহিরুল হক ভূঞা, কে এম খালিদ, আজিজুল হক চৌধুরী ও সাফিয়া খাতুন অংশ নেন।