বঙ্গভবন মসজিদের মুয়াজ্জিনকে মারধর ইমাম গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গভবন স্টাফ কোয়ার্টার মসজিদের ইমাম ওয়াহেদুজ্জামানকে পুলিশ গ্রেপ্তার করেছে। ওই মসজিদের মুয়াজ্জিন ও তাঁর স্ত্রীকে মারধরের ঘটনায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আহত মুয়াজ্জিন নূরে আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, গতকাল দুপুর পৌনে ১২টার দিকে বঙ্গভবন স্টাফ কোয়ার্টার মসজিদের ইমাম ওয়াহেদুজ্জামানের স্ত্রী মোমেনা আক্তার তাঁদের কক্ষের সামনে কাপড় কাচছিলেন। ইমাম ও মুয়াজ্জিনের পাশাপাশি বাসা। কাপড় কাচার সময় ইমামের স্ত্রী অভিযোগ করেন, মুয়াজ্জিন নূরে আলম তাঁর দিকে তাকিয়ে আছেন। এ নিয়ে ইমাম ও মুয়াজ্জিনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে ওয়াহেদুজ্জামান লাঠি দিয়ে নূরে আলমের মাথায় আঘাত করেন। এ সময় নূরে আলমের স্ত্রী মরিয়ম বেগম এগিয়ে এলে ইমামের স্ত্রী মোমেনা তাঁকে আঘাত করেন। স্বামী ও স্ত্রী আহত হলে প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।