বঙ্গভবনকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করলেন রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান বঙ্গভবনকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করেছেন। গতকাল মঙ্গলবার জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল মালিকের নেতৃত্বে চিকিৎসকদের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ ঘোষণা দেন।রাষ্ট্রপতি বলেন, ধূমপান প্রতিরোধে তাঁর সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় তিনি সরকারি সব কার্যালয়, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান ধূমপানমুক্ত রাখার আহ্বান জানান। বঙ্গভবনে কোনো কর্মকর্তা বা কর্মচারী ধূমপান করলে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।প্রতিনিধিদলের সদস্যরা রাষ্ট্রপতিকে জানান, উচ্চ রক্তচাপ, ফুসফুসের ক্যানসারসহ বিভিন্ন রোগের জন্য দায়ী ধূমপান। তামাকজাত দ্রব্য থেকে সরকার যে রাজস্ব পায়, তার প্রায় দ্বিগুণ অর্থ তামাক ও ধূমপান থেকে সৃষ্ট রোগের চিকিৎসায় ব্যয় হয়। তাঁরা তামাকজাত পণ্যের ওপর উচ্চ হারে করারোপ ও পাঠ্যপুস্তকে তামাকের কুফলবিষয়ক প্রবন্ধ অন্তর্ভুক্তির আহ্বান জানান। পাশাপাশি ধূমপানবিরোধী আইন যথাযথভাবে প্রয়োগের দাবি জানান।প্রতিনিধিদল ধূমপান নিবারণে রাষ্ট্রপতিকে প্রধান পৃষ্ঠপোষক করে ‘ইউনাইটেড ফোরাম অ্যাগেইনস্ট টোব্যাকো’ নামের সংগঠন করার প্রস্তাব করলে তিনি তাতে সম্মতি জানান। প্রতিনিধিদলে ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সহসভাপতি আর কে খন্দকার, যুগ্ম মহাসচিব সিরাজুল ইসলাম, বাংলাদেশ ক্যানসার সোসাইটির সভাপতি মোল্লা ওবায়দুল্লাহ বাকী। বাসস।