বঙ্গভবনে ডাক পাওয়াদের শপথ মঙ্গলবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণ চন্দ্র চন্দ ও শাহজাহান কামাল
নারায়ণ চন্দ্র চন্দ ও শাহজাহান কামাল

বঙ্গভবনে ডাক পড়েছে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও লক্ষ্মীপুরের সাংসদ শাহজাহান কামালের।

আজ সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম তাঁদের ফোন করেন বলে জানা গেছে। আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় তাঁদের বঙ্গভবনে থাকতে বলা হয়েছে।

তবে কেন তাঁদের বঙ্গভবনে থাকতে বলা হয়েছে, সে ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কিছু জানানো হয়নি।

নারায়ণ চন্দ্র ও শাহজাহান কামাল দুজনেই প্রথম আলোকে বলেছেন, মন্ত্রিপরিষদ সচিব তাঁদের ফোনে করে বঙ্গভবনে থাকার কথা বলেছেন।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. ছায়েদুল হকের মৃত্যুতে এই মন্ত্রণালয়ের মন্ত্রীর পদটি শূন্য রয়েছে। এ দুজন ছাড়াও আরও কয়েকজনকে বঙ্গভবনে ডাকা হয়েছে।

সূত্র জানায়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার ও রাজবাড়ীর একজন সাংসদকেও ডাকা হয়েছে।

মন্ত্রিপরিষদে রদবদলের লক্ষ্যে তাঁদের ডাকা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মোস্তফা জব্বার সাংসদ নন। তাঁকে টেকনোক্র্যাট মন্ত্রী করা হতে পারে।