বঙ্গভবনে রাষ্ট্রপতির ইফতারে প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গভবনে গতকাল ইফতারের আগে দেশ ও জনগণের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন (ডান থেকে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি আবদুল হামিদ, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি এস কে সিনহা ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ l ছবি: বাসস
বঙ্গভবনে গতকাল ইফতারের আগে দেশ ও জনগণের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন (ডান থেকে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি আবদুল হামিদ, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি এস কে সিনহা ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ l ছবি: বাসস

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, বিশিষ্ট নাগরিক এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সম্মানে ইফতারের আয়োজন করেছেন।

বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এই ইফতারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও অন্য আমন্ত্রিত অতিথিরা ছাড়াও রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম ও তাঁর পরিবারের অন্যান্য সদস্য অংশ নেন। এর আগে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাঁকে অভ্যর্থনা জানান।

ইফতারে মন্ত্রিপরিষদের সদস্য, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানেরা, অ্যাটর্নি জেনারেল, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য, আইনজীবী, সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকেরা যোগ দেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ও তাঁদের কুশল সম্পর্কে খোঁজখবর নেন।

ইফতারের আগে দেশ ও জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ সাইফুল কবির মোনাজাত পরিচালনা করেন।

বস্তিবাসীদের জন্য ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের প্রেজেন্টেশন দেখলেন প্রধানমন্ত্রী

বস্তিবাসীদের পুনর্বাসনে সরকার রাজধানীতে ১০ হাজার আবাসিক ফ্ল্যাট নির্মাণ করবে। জাতীয় গৃহনির্মাণ কর্তৃপক্ষ মিরপুরের ১১ নম্বর সেকশনে পর্যায়ক্রমে এই ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণ করবে। প্রকল্পের ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখানো হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

গণপূর্তসচিব শহীদুল্লাহ খন্দকার গতকাল প্রধানমন্ত্রীকে প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।