বঙ্গভবনে রাষ্ট্রপতির ঈদের নামাজ আদায়
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনের হলওয়েতে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন। আজ বুধবার সকাল সাড়ে আটটায় ঈদুল আজহার নামাজ আদায় করেন রাষ্ট্রপতি।
সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রপতির পরিবারের সদস্য ও বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরাও ঈদুল আজহার এই জামাতে অংশ নেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবির ঈদের জামাত পরিচালনা করেন। যাঁরা কোভিড-১৯–এ আক্রান্ত হয়ে মারা গেছেন, তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এর পাশাপাশি যাঁরা করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। এ ছাড়া ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের সদস্য এবং অন্য শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
নামাজের পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান। তবে এর বাইরে বঙ্গভবনে ঈদের দিনের চিরাচরিত শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান করোনার কারণে অনুষ্ঠিত হবে না।