বঙ্গভবনে রাষ্ট্রপতির বিজয় দিবসের সংবর্ধনা
রাষ্ট্রপতি জিল্লুর রহমান ৪০তম বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে এক সংবর্ধনার আয়োজন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় এ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। খবর বাসস ও ইউএনবির।বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠ খেতাব পাওয়া মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরাও এ সংবর্ধনায় যোগ দেয়। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সেনাবাহিনীর সাবেক সদস্যদের একটি সফররত প্রতিনিধিদল এতে অংশ নেয়। এ ছাড়া সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, কূটনীতিক, জ্যেষ্ঠ আইনজীবী, সুপ্রিম কোর্টের বিচারপতি, নির্বাচন কমিশনার, সাংসদ, রাজনৈতিক নেতা, জাতীয় অধ্যাপক, সংস্থাপন সচিব, তিন বাহিনীর প্রধানেরা, সম্পাদক, শিক্ষাবিদ, ব্যবসায়ী সংগঠনের নেতা, সাংবাদিক, শিল্পী-সাহিত্যিক এবং বিশিষ্ট নাগরিকেরাও এ অনুষ্ঠানে যোগ দেন।রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অনুষ্ঠানে আগত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও অন্যান্য অতিথির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।