বঙ্গভবনে রাষ্ট্রপতির শুভেচ্ছাবিনিময়

রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ মঙ্গলবার উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশিষ্ট অতিথিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। তিনি আশা প্রকাশ করেন, ঈদুল ফিতরের শিক্ষা একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করবে।
রাষ্ট্রপতি আজ সকালে বঙ্গভবনে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উত্সব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া সংবর্ধনায় সাংবাদিকদের বলেন, ‘ঈদ অর্থ হচ্ছে আনন্দ ও খুশি। আমি আশা করি এই পবিত্র উত্সব একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সব মতপার্থক্য দূর করে সবাইকে ঐক্যবদ্ধ করবে।’
ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও কূটনীতিকদের সম্মানে এই সংবর্ধনার আয়োজন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তাঁর স্ত্রী রাশিদা খানম।
স্পিকার শিরিন শারমীন চৌধুরী, প্রধান বিচারপতি এম মোজাম্মেল হোসেন, মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রতিমন্ত্রীরা সংবর্ধনায় উপস্থিত ছিলেন। এ ছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, সাংসদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, তিন বাহিনীর প্রধান, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, সম্পাদক, সচিব, শিক্ষাবিদ, সিনিয়র সাংবাদিক, ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব, শিল্পী এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা সংবর্ধনায় উপস্থিত ছিলেন।
কূটনৈতিক কোরের ডিন, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানেরা সংবর্ধনায় যোগ দেন। রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রী অতিথিদের স্বাগত জানান এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বাসস