বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করেছেন। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাতটা পর্যন্ত চলা এ বৈঠকের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। একাধিক নির্ভরযোগ্য সূত্র বলেছে, দক্ষিণ আফ্রিকার প্রয়াত নেতা নেলসন ম্যান্ডেলার স্মরণানুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতির সে দেশ সফর উপলক্ষে প্রধানমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী বিভিন্ন সময় ম্যান্ডেলার সঙ্গে তাঁর সাক্ষাৎ এবং ব্যক্তিগত সম্পর্কের কথা স্মরণ করেন। বিশেষ করে তাঁর আমন্ত্রণে ১৯৯৭ সালে ম্যান্ডেলার বাংলাদেশ সফরের কথা উল্লেখ করেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে কিছু রাজনৈতিক বিষয়েও কথাবার্তা হয় বলে সূত্র জানিয়েছে। সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষার পর গত শুক্রবার রাতে দেশে ফেরেন রাষ্ট্রপতি।
দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন রাষ্ট্রপতি: দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার স্মরণানুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আজ সোমবার বিকেলে তিনি জোহানেসবার্গে রওনা হচ্ছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গতকাল জানান, রাষ্ট্রপতি চার দিনের সফরে দক্ষিণ আফ্রিকা যাবেন। মঙ্গলবার ম্যান্ডেলার স্মরণানুষ্ঠানে যোগ দেওয়ার পর ১২ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন।
বিশ্বজুড়ে শ্রদ্ধেয় এই রাষ্ট্রনায়কের স্মরণ ও শেষকৃত্যানুষ্ঠানে বহু বিশ্বনেতার যোগ দেওয়ার কথা রয়েছে।