বঙ্গভবনের কাছে ট্রাকচাপায় এএসআই নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রুটি বানিয়ে রেখো। সকাল আটটায় ডিউটি শেষ হবে। ফিরে এসে রুটি খাব।’ গত বুধবার দিবাগত রাত ১২টায় বাড়ি থেকে বের হওয়ার সময় এটিই ছিল পুলিশের এএসআই মিজানুর রহমানের (৪৫) শেষ কথা। কিন্তু তিনি আর বাড়ি ফিরতে পারেননি। রায়েরবাগের বাড়ি থেকে বের হওয়ার আধা ঘণ্টার মধ্যে মিজানের তরতাজা প্রাণ কেড়ে নেয় মাটিভর্তি একটি ট্রাক।
গুলিস্তান পার্কের কাছে বঙ্গভবনের সামনের রাস্তা পার হওয়ার সময় তাঁকে সজোরে আঘাত করে ঘাতক ট্রাকটি। ছিটকে পড়ে যান মিজান। ট্রাকটি পালিয়ে যায়। তবে পিচঢালা পথ মিজানের রক্তে হয়ে যায় লাল। ইব্রাহিম নামের এক পথচারী যন্ত্রণায় ছটফট করতে থাকা মিজানকে নিয়ে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। রাত দেড়টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে আসেন মিজানের ছেলেমেয়েরা। ময়নাতদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার দুপুরে মিজানের লাশ দাফনের জন্য নিয়ে যাওয়া হয় তাঁর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার করিমখাঁ গ্রামে। বড় ছেলে মঞ্জুরুল হক (২০) প্রথম আলোকে বলেন, ‘মাত্র আধ ঘণ্টার মধ্যে আমাদের সব শেষ হয়ে গেছে। হাসিখুশি ভালো মানুষ। রাত ১১টার দিকে সবার সঙ্গে ভাত খেলেন বাবা। রাতে তাঁর ডিউটি ছিল বঙ্গভবন এলাকায়। রায়েরবাগ থেকে প্রতিদিন বাসে করে গুলিস্তান যান তিনি। সেখান থেকে রাস্তা পার হয়ে বঙ্গভবন। এভাবেই প্রতিদিন আসা-যাওয়া করতেন বাবা।’
এএসআই মিজানুর রহমানের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, মিজান রাজারবাগ পুলিশ লাইনসে প্র-রক্ষা শাখায় কর্মরত ছিলেন। স্ত্রী নার্গিস বেগম, দুই ছেলে মঞ্জুরুল ইসলাম ও মো. নাইমকে (১৩) নিয়ে তিনি রায়েরবাগে ভাড়া থাকতেন। চারজনের এই পরিবারের সঙ্গে থাকতেন একমাত্র মেয়ে নাসরিন আক্তার ও তাঁর স্বামী জসীমউদ্দীন। মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় বাকি দুই ছেলের পড়াশোনাসহ পুরো পরিবার নির্ভর ছিল মিজানের আয়ের ওপর।
মেয়ের স্বামী জসীমউদ্দীন বলেন, ‘যৌথভাবে আমরা বসবাস করায় আমার শ্বশুরের কিছুটা সাশ্রয় হতো। কিন্তু সঞ্চয় হতো না। কারণ বড় ছেলে উচ্চমাধ্যমিক ও ছোট ছেলে জুনিয়র মাধ্যমিক পরীক্ষার্থী। তাদের পড়াশোনা-ভরণপোষণে আয়ের পুরো অর্থ শেষ হয়ে যেত। এখন তাঁর সংসার কীভাবে চলবে বুঝতে পারছি না।’