বঙ্গমাতা নারী জাতির সামনে দৃষ্টান্ত হয়ে থাকবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ হাসিনা। ফাইল ছবি।
শেখ হাসিনা। ফাইল ছবি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা তাঁর মাতা হিসেবে নয় বরং জাতির জন্য প্রেরণাদায়ী ও নিবেদিত ব্যক্তিত্ব হিসেবে নারী জাতির কাছে দৃষ্টান্ত হয়ে থাকবেন।
আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৮৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে ভাষণ দেন তিনি। খবর বাসসর।
‘জনগণের জন্য বেগম মুজিব তাঁর গোটা জীবন উৎসর্গ করেছেন। তিনি আমার মা কেবল এ জন্যই আমি এ কথা বলছি না। আমার বাবাকে যথেষ্ট ত্যাগ স্বীকার করতে হয়েছে, তিনি আমার দাদা-দাদির পাশাপাশি তাঁর স্ত্রীর কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়েছেন’ -- এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘রাজনীতির অনেক কিছুই আমি এই মহান নারীর কাছ থেকে শিখেছি।’
বঙ্গমাতার বড় মেয়ে শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধুর গোটা জীবনের লক্ষ্য ছিল বাংলাদেশের জনগণের স্বাধীনতা অর্জন এবং তাদের অর্থনৈতিক মুক্তি। এই লক্ষ্য অর্জনে আমার মায়ের অনুপ্রেরণা অনুঘটকের ভূমিকা রেখেছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু যখনই জেলে থেকেছেন, এ সময় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা নেপথ্যে থেকে দল গঠনে, মুজিবের রাজনৈতিক কর্মসূচির জন্য জনমত সৃষ্টিতে এবং আন্দোলন এগিয়ে নিতে অত্যন্ত দক্ষতার সঙ্গে তাঁর ভূমিকা পালন করেছেন। এ জন্য কখনো তিনি কোনো ধরনের প্রচারণা চাননি।’
তিনি তাঁর (বঙ্গমাতা) সন্তান হিসেবে এসব প্রত্যক্ষ করেছেন বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। 

নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, বাংলা একাডেমির মহাপরিচালক এবং বাংলা সাহিত্যের বিশিষ্ট গবেষক শামসুজ্জামান খান। অন্যান্যের মধ্যে বিশিষ্ট শিশু সাহিত্যিক ও বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেন, রেবেকা মোমেন, জাতীয় মহিলা সংস্থার সভাপতি মমতাজ বেগম এবং মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগমও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বঙ্গমাতার জীবন ও কর্মের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।