বঙ্গের চরে ভাঙন, ১০ হাজার পরিবার ঘরহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা ও ইলিশা নদীর ভাঙনে ভোলা সদর উপজেলার বঙ্গের চর বিলীন হয়ে যাচ্ছে। গত দুই দিনে এ চরের ৩০০ পরিবারের বসতভিটা ও দুটি বিদ্যালয় বিলীন হয়ে গেছে। তিন মাস ধরে চলা ভাঙনে ১০ হাজার পরিবার ঘর হারিয়েছে। পুনর্বাসনের ব্যবস্থা না করায় তারা এখন সীমাহীন কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্গের চর ভোলা সদর উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। উপজেলার রাজাপুর ইউনিয়নে প্রায় ৬০০ বছর আগে চরটি জেগে ওঠে। তখনই এখানে জনবসতি গড়ে ওঠে। এখানে আটটি মৌজায় ১৯টি গ্রাম ছিল। এতে ২০ হাজার পরিবার বসবাস করত। ধান চাষ, হাস-মুরগি ও গবাদিপশু পালন করে সুখেই দিন কাটছিল তাদের। কিন্তু গত কয়েক বছরের ভাঙনে চরের বেশ কিছু এলাকা নদীগর্ভে চলে যাওয়ায় তাদের সেই সুখ স্থায়ী হয়নি। ভাঙন শুরু হওয়ার পর এ চরের লোকজন এক স্থান থেকে গিয়ে অন্য স্থানে বসতঘর তৈরি করেছে। কিছুদিন পর সেই নতুন বসতঘরও বিলীন হয়ে গেছে। বসতঘরের পাশাপাশি গাছপালা ও ফসলিজমিও নদীতে চলে গেছে। এ চরের দক্ষিণ রামদাসপুর গ্রামের শত বছর বয়সী আলী আজগর মাঝি তিনবার বসতভিটা হারিয়ে আজ নিঃস্ব। তিনি বলেন, ‘তেইত্যাবার (২০০৯) সব গাঙ্গে নেওনের পরে এনে আইছিলাম। এহোনো চরকির মতো গুরতাম আছি, এহোন কবরে যাইতে পারলে অয়।’ রাজাপুর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ভাঙনের আগে বঙ্গের চরের আয়তন ছিল প্রায় ২০ বর্গকিলোমিটার। এখন টিকে আছে মাত্র দুই বর্গকিলোমিটার। গত তিন-চার বছরে চরের আটটি মৌজার মধ্যে হাজীপুর, সন্তোষপুর, মজিদপুর, গাঙ্গীয়া, গণেশপুর, উদয়পুর, সীতারাম বিলীন হয়ে গেছে। এখন শুধু রামদাসপুর মৌজার দক্ষিণ রামদাসপুরের কিছু অংশ, সুলতানী ও ২৭ দাগ বাজার এলাকা আছে।দক্ষিণ রামদাসপুরের সিরাজ মাঝি ও অনুকূল মাঝি জানান, গত শনি ও রোববার ভাঙনে কাঞ্চন মল্লিক, ইসমাঈল মালিতা, জাহাঙ্গীর শিকদার, ওয়াদুদ রাড়ি, সুমঙ্গল তেলি, বাবুল বাওয়াল, দিনেশ কীর্তনীয়া, দিলীপ কীর্তনীয়া, শ্রীনিবাস কীর্তনীয়া, অনুপ মাঝি, সুকুমার মাঝি, আবু কালাম বয়াতি, আবু কালাম মাঝি, কালাচান মাঝিসহ প্রায় ৩০০ জনের বসতভিটা ও ফসলি জমি মেঘনায় বিলীন হয়ে গেছে। একই সময় ১ নম্বর রামদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তৈয়বা খাতুন মাধ্যমিক বিদ্যালয় ভেঙে গেছে। এ ছাড়া গত তিন মাসে ১০ হাজার পরিবার বসতভিটা হারিয়েছে।গত সোমবার সরেজমিনে দক্ষিণ রামদাসপুর গ্রামে দেখা গেছে, বসতভিটা হারানো পরিবারগুলো তাদের ঘর ও মালামাল অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে। কেউ কেউ গাছ কাটছে। রান্না বন্ধ থাকায় অনেকেই দোকান থেকে কিনে আনা চিঁড়া খাচ্ছে। কিছু দূরে কাপেরহাট বাজারের টিনের ছাউনির নিচে রামদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস করছে। রাজাপুর ইউনিয় পরিষদ চেয়ারম্যান রেজাউল হক বলেন, ‘বঙ্গের চরের ভাঙনকবলিতদের পুনর্বাসনের জন্য আমি প্রশাসনকে অনুরোধ করেছি।’ জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম বলেন, রাজাপুরের ভাঙনকবলিত মানুষকে পুনর্বাসিত করতে ভবিষ্যতে আশ্রয়ন প্রকল্প গড়ার ইচ্ছে আছে সরকারের। এ ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই।