জনগণকে কেন্দ্রবিন্দুতে রেখে উপকূলীয় দেশগুলোর জন্য টেকসই উন্নয়ন নিশ্চিত করার স্বার্থে ‘সাগর অর্থনীতির জন্য বঙ্গোপসাগরীয় অংশীদারি’ প্রতিষ্ঠায় আগ্রহী বাংলাদেশ। গতকাল মঙ্গলবার রাজধানীতে ব্লু ইকোনমি বা সাগর অর্থনীতি বিষয়ক আন্তর্জাতিক কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এ কথা জানান।
দুই দিনের কর্মশালায় বিশেষজ্ঞরা সাগরের সম্পদ ও প্রতিবেশ সম্পর্কে জনগণের সুস্পষ্ট ধারণা তৈরি, জলবায়ু পরিবর্তনের প্রভাব, তথ্য ও জ্ঞান আহরণ, কার্যকর প্রযুক্তির প্রয়োগ, সহযোগিতা ও অংশীদারি এবং সুশাসনের মাধ্যমে সাগর অর্থনীতির বিকাশ ঘটানোর পরামর্শ দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় রাজধানীর একটি হোটেলে এই কর্মশালার আয়োজন করেছে। প্রায় ২০টি দেশের বিশেষজ্ঞদের পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন।
পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঞ্চালনায় কর্মশালার সমাপনী অধিবেশনে আরও বক্তৃতা করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম ও অর্থনীতিবিষয়ক অণু বিভাগের মহাপরিচালক রিয়াজ হামিদুল্লাহ।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, সাগর অর্থনীতিকে অবশ্যই অন্তর্ভুক্তিমুখী এবং জনমুখী হতে হবে। সাগর অর্থনীতির জন্য পারস্পরিক আস্থা-বিশ্বাস, সুফল বিনিময়ের আদর্শের ভিত্তিতে সহযোগিতার মাধ্যমে গবেষণা প্রয়োজন। তিনি এক্ষেত্রে সমস্যা মোকাবিলা ও সম্পদ আহরণে বিনিয়োগের ওপর গুরুত্ব দেন। এর পাশাপাশি এক্ষেত্রে নীতি ও কৌশলগত ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা জরুরি বলেও তিনি মন্তব্য করেন।
পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বলেন, সাগর অর্থনীতিকে দেশের উন্নয়নে সার্থকভাবে কাজে লাগাতে হলে অন্তত পাঁচটি চ্যালেঞ্জকে মোকাবিলা করতে হবে। এ চ্যালেঞ্জগুলো হচ্ছে টেকসই উন্নয়নের অভাব, সামর্থ্যের অভাব, জ্ঞান ও প্রযুক্তির ঘাটতি, নায্যতা ও সুফলের সদ্ব্যবহার কমতি এবং সুশাসনের অভাব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার সকালে এই কর্মশালার উদ্বোধন করেন।
কর্মশালার প্রথম দিনে দুটি কর্ম-অধিবেশন অনুষ্ঠিত হয়।