বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, তিন নম্বর সতর্কসংকেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে দেশের উপকূলীয় এলাকা দিয়ে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে। এ আশঙ্কায় চট্টগ্রাম, মোংলা, কক্সবাজার ও পায়রা বন্দরকে তিন নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত নৌযানগুলোকে সাবধানে ও উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, গতকাল বিকেল নাগাদ নিম্নচাপটি বাংলাদেশ উপকূল ও ভারতের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করছিল। এ সময় সাগর উত্তাল ও ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছিল।
এদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ স্থানে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে আগামীকালের মধ্যে বৃষ্টির এই প্রবণতা কমে আসতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।
গতকাল দেশের বেশির ভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। বিকেলে দেশের বেশির ভাগ এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে গেছে। গতকাল রাজধানীতে বৃষ্টি হয়েছে ২৬ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মাদারীপুরে ৬৯ মিলিমিটার।