বঙ্গোপসাগরে তিনটি ট্রলার ডুবি, একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি থেকে ২৫ কিলোমিটার দক্ষিণে উত্তর বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার ডুবে মতলেব মুন্সি (৩৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে।
এ ছাড়া বরগুনার পাথরঘাটাসংলগ্ন বঙ্গোপসাগরের পক্ষীদিয়া এলাকায় গত বুধবার বিকেলে ঢেউয়ের তোড়ে মাছ ধরার দুটি ট্রলার ডুবে যায়। এতে মাসুম হোসেন নামের এক জেলে নিখোঁজ রয়েছেন। গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি।
রাঙ্গাবালীর বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামের জেলে মো. মামুন মাঝি বলেন, বুধবার রাত আটটার দিকে মৌডুবি থেকে ২৫ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে তাঁদের মাছ ধরার ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় আশপাশে থাকা ট্রলারের জেলেরা তাঁদের উদ্ধারের চেষ্টা চালান। এতে নয় জেলে উদ্ধার হলেও চরগঙ্গা গ্রামের মতলেব মুন্সি ও ট্রলার নিখোঁজ থাকে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মতলেবের লাশ ও ট্রলারটি পাওয়া যায়।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগরের পক্ষীদিয়া এলাকায় বুধবার বিকেলে ঝড়ের কবলে পড়ে পাথরঘাটার এফবি তারিকুল ও এফবি ভাই ভাই নামের দুটি ট্রলার ডুবে যায়। বেশ কিছুক্ষণ পর পাথরঘাটার একটি ট্রলার সাগরে ভাসমান দুই ট্রলারের ২০ জন জেলেকে উদ্ধার করে। তবে এফবি ভাই ভাই ট্রলারের জেলে মাসুম হোসেন নিখোঁজ রয়েছেন। তাঁর বাড়ি পাথরঘাটার রুহিতা গ্রামে।
এফবি ভাই ভাই ট্রলারের মালিক সোহরাব হোসেন আকন জানান, গতকাল বিকেলে তাঁরা তাঁদের ট্রলার উদ্ধার করে পাথরঘাটায় নিয়ে আসেন। কিন্তু মাসুমের খোঁজ পাওয়া যায়নি।