সারা দেশে ঝুম বৃষ্টি। কারও কাছে আনন্দ, আবার কারও কাছে হয়তো বিরক্তি। কিন্তু এরই মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ভাবাবেগের সীমা ছাড়িয়ে ভয়ের আভাস দিচ্ছে। গত শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি গতকাল সোমবার মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি গতকাল দুপুর নাগাদ আরও চারপাশের মেঘ থেকে শক্তি সঞ্চয় করে একই জায়গায় স্থির ছিল।
নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, সেই আশঙ্কা সম্পর্কে আবহাওয়া বিভাগ এখনো নিশ্চিত হতে না পারলেও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস ইতিমধ্যেই তারা দিয়েছে। ঝোড়ো হাওয়ার আশঙ্কায় বঙ্গোপসাগরে অবস্থানরত নৌযানগুলোকে উপকূলে ফিরে আসার নির্দেশ আবহাওয়া বিভাগ থেকে এরই মধ্যে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযানগুলোকে সমুদ্রে না যাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
কক্সবাজার এবং দুই প্রধান বন্দর চট্টগ্রাম ও মংলাকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গতকাল দুপুর পর্যন্ত নিম্নচাপটি চট্টগ্রাম বন্দর থেকে ২০০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১৮০, মংলা থেকে ৭৫ ও পায়রা বন্দর থেকে ১০ কিলোমিটার পূর্বে উত্তর-পশ্চিমে অবস্থান করছিল।
এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ প্রথম আলোকে বলেন, নিম্নচাপটি আজকের মধ্যে বঙ্গোপসাগর থেকে বাংলাদেশ ভূখণ্ডে উঠে তা আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে কালও সারা দেশে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া থাকতে পারে। এরপর আবহাওয়া স্বাভাবিক চেহারা নিতে পারে।