বঙ্গোপসাগরে ১৪ ডাকাত গ্রেপ্তার, ৪ জেলে উদ্ধার
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতসংলগ্ন বঙ্গোপসাগর থেকে নৌবাহিনীর একটি টহল দল গত সোমবার গভীর রাতে একটি ট্রলারে অভিযান চালিয়ে ৪ জেলেকে উদ্ধার ও ১৪ ডাকাতকে আটক করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। এতে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
উদ্ধার করা চারজন হলেন মো. রুস্তম আলী, মো. সেলিম মিয়া, মো. ফুল মিয়া ও আবুল কালাম মাঝি। তাঁদের বাড়ি কক্সবাজারের বিভিন্ন উপজেলায়। গ্রেপ্তার করা ডাকাত দলের সদস্যরা হলেন মো. জসিম উদ্দিন, মো. মানিক মিয়া, মো. মিজানুর রহমান, মো. খালেদ হাসান, মো. আজগর হোসেন, মো. শহীদ, মো. ইউনুস, মো. ইয়াহিয়া, মো. আবু আহমদ, মো. নেছারুল ইসলাম, মো. এনায়েত আলী, মো. আরিফুল ইসলাম, মো. কায়সার ও মো. মিজান। তাঁদের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়া, চকরিয়া, পেকুয়া, মহেশখালী এবং বান্দরবানের লামা ও চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।
গতকাল মঙ্গলবার জানতে চাইলে কলাপাড়া উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সোমবার রাতে নৌবাহিনীর জাহাজ বিএনএস শহীদ মহিবুল্লাহ বঙ্গোপসাগরে নিয়মিত টহল দিচ্ছিল। দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুয়াকাটা সৈকতের অদূরে এফবি নার্গিস নামের একটি ট্রলারের গতিবিধি সন্দেহ হলে নৌবাহিনীর সদস্যরা থামানোর সংকেত দেন। কিন্তু ট্রলারটি না থামিয়ে পালানোর চেষ্টা করে। তখন নৌবাহিনীর সদস্যরা দ্রুতগতিতে জাহাজ চালিয়ে ট্রলারটির গতিরোধ করেন। সেখান থেকে ডাকাত দলের সদস্যদের আটক করা হয়। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতেরা স্বীকার করেন, এফবি নার্গিস ট্রলারটি তাঁরা গভীর সাগর থেকে ছিনতাই করে আনেন। ডাকাত দলটি দুই দিন ধরে সাগরে লুটপাট করে আসছিল। নৌবাহিনী তাঁদের আটক করার আগে ডাকাতেরা সঙ্গে থাকা অস্ত্রশস্ত্র সাগরে ফেলে দেন।