মংলা বন্দর থেকে ১৩০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকার জেলেবহরে ব্যাপক হামলা ও লুটপাট চালিয়ে ২০ জেলেকে অপহরণ করা হয়েছে। গত শুক্রবার গভীর রাতে জলদস্যু সাজু ওরফে সাইজ্যা বাহিনী ও ফরহাদ বাহিনীর লোকজন মুক্তিপণের দাবিতে মাছ ধরার একটি ট্রলারসহ জেলেদের অপহরণ করেছে বলে জানা গেছে।শরণখোলা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মজিবর রহমান ও পাথরঘাটার জেলে মহাজন মোস্তফা জানান, বঙ্গোপসাগরের ১ নম্বর বয়া থেকে শুরু করে ফেয়ারওয়ে বয়া পর্যন্ত এলাকায় অবস্থানরত জেলেদের ওপর এ হামলা ও লুটপাট চালায় সাইজ্যা বাহিনী ও ফরহাদ বাহিনী। এ সময় সশস্ত্র দস্যুরা পাথরঘাটার এফবি নুরজাহান, এফবি সফি, এফবি তানিয়া, এফবি আয়েশা, এফবি মাওলাসহ রায়েন্দার আরও তিনটি ট্রলার থেকে জনপ্রতি চার লাখ টাকা মুক্তিপণের দাবিতে ২০ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। পাথরঘাটার এফবি নুরজাহান নামে একটি ট্রলারও তারা নিয়ে গেছে। অপহূত অধিকাংশ জেলের বাড়ি পাথরঘাটা, রায়েন্দা, পারেরহাট, চরদোয়ানী এলাকায়।মংলা কোস্টগার্ড পশ্চিমাঞ্চলের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার শরিফুল ইসলাম খান বলেন, ‘হামলা ও অপহরণের কথা জানার পর আমরা উদ্ধার অভিযান শুরু করেছি।’ বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া থেকে অপহূত সাত জেলেকে রোববার সকালে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।মজিবর রহমান জানান, তাঁদের কোনো জেলে এখনো উদ্ধার হয়নি।