বঙ্গোপসাগর থেকে ৩৫ জেলেসহ ট্রলার উদ্ধার
কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের অদূরে গভীর সমুদ্র থেকে গত শনিবার ৩৫ জন জেলেসহ একটি ট্রলার উদ্ধার করা হয়েছে। তাঁরা এখনো নৌবাহিনীর হেফাজতে রয়েছেন।নৌবাহিনী সূত্র জানায়, গত শনিবার সন্ধ্যায় নৌবাহিনীর একটি জাহাজ টহল দিচ্ছিল। এ অবস্থায় দ্বীপ থেকে ১৩ কিলোমিটার উত্তরে বঙ্গোপসাগরে একটি ট্রলারের সংকেত পেয়ে জাহাজটি সেখানে যায়। নৌবাহিনীর সদস্যরা সেখানে ৩৫ জন জেলেসহ ট্রলারটি উদ্ধার করেন।ট্রলারের মাঝি দিলীপ কুমার চৌধুরী জানান, তাঁরা ৮ জুলাই চট্টগ্রাম ক্রিস্টাল গ্রুপের চেয়ারম্যান মো. মোর্শেদ মুরাদ ইব্রাহিমের এফভি ‘গরীবে নেওয়াজ’ ট্রলারটি নিয়ে মাছ শিকারে বের হন। গভীর সমুদ্রে পৌঁছালে ট্রলারের দুটি ইঞ্জিনের একটি বিকল হয়ে যায়। সেন্ট মার্টিন দ্বীপের নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত রিজুয়ান আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার করা মাঝিমাল্লারা নৌবাহিনীর হেফাজতে রয়েছেন।