বঙ্গোপসাগর থেকে ৬০০ বর্গ কিমি ভূমি উদ্ধারের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগর থেকে ৬০০ বর্গ কিলোমিটার ভূমি উদ্ধারের উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ। নোয়াখালী ও উড়িরচরের কাছে একটি আড়াআড়ি বাঁধ (ক্রসড্যাম) তৈরি করে, পলি জমিয়ে এই ভূমি উদ্ধারের পরিকল্পনা নেওয়া হয়েছে।গতকাল মঙ্গলবার সরকারি তহবিল দিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তৈরি করা ট্রাস্ট ফান্ড থেকে এ খাতে ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ২০১১ সালের জুন মাসের মধ্যে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এ কাজ বাস্তবায়ন করবে।গতকাল পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সভাকক্ষে ট্রাস্ট ফান্ড-সংক্রান্ত সভায় আরও যে তিনটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে তা হলো চট্টগ্রামের ভাটিয়ারীতে বোটানিক্যাল গার্ডেন স্থাপন, বাংলাদেশের বনভূমির ডিজিটাল মানচিত্র তৈরি এবং চট্টগ্রামের কুমিরা ফেরিঘাট মেরামত করা।পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান, পরিবেশ ও বনসচিব মিহির কান্তি মজুমদার। সভা শেষে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) কাছে যে ১২টি প্রকল্পের প্রস্তাবনা পাওয়া গিয়েছিল, তা এই সভায় উপস্থাপন করার কথা ছিল, কিন্তু সময়ের অভাবে তা করা যায়নি। পরবর্তী সভায় বেসরকারি খাতের প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হবে।সভায় অনুমোদিত প্রথম প্রকল্পটি হলো চট্টগ্রামের ভাটিয়ারীতে ৬৫০ একর জমির ওপর বন বিভাগের পরিচালনায় বোটানিক্যাল গার্ডেন স্থাপন করা। আগামী দুই বছরের মধ্যে এটি বাস্তবায়ন করা হবে। চলতি বছরে প্রকল্পটির কাজ শুরু হবে বলে সভায় জানানো হয়। প্রকল্পটির প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ২২ কোটি ৮০ লাখ টাকা। চট্টগ্রাম গলফ ক্লাবের বিপরীতে এটি স্থাপন করা হবে। এখানে বাংলাদেশের বিভিন্ন বিপন্নপ্রায় প্রজাতির প্রাণী আনা হবে ও গাছ লাগানো হবে। অনুমোদন পাওয়া দ্বিতীয় প্রকল্পটি হলো বাংলাদেশের বনগুলোর ডিজিটাল মানচিত্র তৈরি করা। এটি তৈরি হলে বন বিভাগ বা মন্ত্রণালয়ে বসেই বাংলাদেশের যেকোনো এলাকার সবচেয়ে ছোট বনভূমিও পর্যবেক্ষণ করা যাবে। বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি মহাকাশবিষয়ক গবেষণাকারী সরকারি সংস্থা স্পারসোকে এই প্রকল্প বাস্তবায়নে যুক্ত করা হবে। দুই বছরের মধ্যে ২৫ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।তৃতীয় প্রকল্প হলো চট্টগ্রামের কুমিরা ফেরিঘাটটি মেরামত করা। এটি মেরামত করা হলে চট্টগ্রামের সঙ্গে সন্দ্বীপের যোগাযোগ আরও সহজ হবে। এই প্রকল্পের সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলার কী সম্পর্ক—এই প্রশ্ন করলে মন্ত্রী বলেন, সন্দ্বীপের সঙ্গে চট্টগ্রামের যোগাযোগের একমাত্র মাধ্যম কুমিরা ফেরিঘাট। সন্দ্বীপের আয়তন ছিল ৭০০ বর্গকিলোমিটার, যা বঙ্গোপসাগরের ভাঙনের কারণে বর্তমানে ৮০ বর্গকিলোমিটারে নেমে এসেছে।উড়িরচর ও নোয়াখালীর মাঝামাঝি স্থানে একটি ক্রসড্যাম নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩৭ কোটি টাকা। প্রথম পর্যায়ের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পরবর্তী পর্যায়ে বাকি ১৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে।