কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়ার পশ্চিমে বঙ্গোপসাগর থেকে সাতটি মাছধরা নৌকাসহ অপহূত ১২০ জেলের সন্ধান এখনো পাওয়া যায়নি। এদিকে সাগরে জেলেদের নিরাপত্তা ও অপহূত জেলেদের উদ্ধারের দাবিতে জেলা ফিশিং বোট মালিক সমিতির ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট কাল রোববার থেকে শুরু হচ্ছে।গত সোমবার পর্যন্ত চার দিনে জলদস্যুরা এফবি ওমর ছাদেক-২, এফবি ছেনোয়ারা (৪), এফবি আল সোলতান, এফবি মোমেনা, এফবি আফসিয়া, এফবি মোসাইবা ও এফবি জাওয়াদ নামের সাতটি মাছধরা নৌকাসহ ১২০ জন জেলেকে অপহরণ করে নিয়ে যায়।জেলা ফিশিং বোট শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, মাছধরা নৌকাসহ অপহূত জেলেদের ছাড়িয়ে নিতে জলদস্যুরা মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করেছে। মুক্তিপণ না দিলে জেলেদের হত্যা করে সাগরে ভাসিয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে।গত বুধবার রাতে জেলা ফিশিং বোট মালিক সমিতির বৈঠকে দাবি আদায়ের লক্ষ্যে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য মাছ ধরা বন্ধসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ বলেন, সাগরে জলদস্যুতা বন্ধসহ জেলেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ফিশিং বোট মালিক সমিতি কাল রোববার অনির্দিষ্টকালের ধর্মঘটসহ নানা কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে: সাগরে মাছ ধরা বন্ধ রাখার পাশাপাশি বিক্ষোভ মিছিল, জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও, নৌ-অবরোধ, মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ বিক্রি বন্ধ।কক্সবাজার ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল হালিম মাঝি প্রথম আলোকে বলেন, সাগরে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে ১৭ জানুয়ারি থেকে তাঁরা কর্মবিরতি পালন করবেন।কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ জানান, গত বৃহস্পতিবার পুলিশ জালসহ একটি মাছধরা নৌকা উদ্ধার করেছে।