বঙ্গোপসাগরে ইলিশ ধরতে জেলেদের তোড়জোড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটার পদ্মা গ্রামে এলে বঙ্গোপসাগরের গর্জন শোনা যায়। বৈশাখের উত্তাল দখিনা বাতাসে বঙ্গোপসাগর ক্রমশ ফুঁসে উঠছে। ফুঁসে ওঠা উত্তাল সাগর যেন উপকূলের জেলেদের ডাকছে তার বুকে। সেই ডাকের অপেক্ষায় অধীর হয়ে থাকেন উপকূলের কয়েক লাখ জেলে। জীবনকে হাতের মুঠোয় নিয়ে তাঁরা বিক্ষুব্ধ সাগর থেকে তুলে আনেন ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ।সামনে এই ইলিশ মৌসুম ঘিরে ঘূর্ণিঝড় সিডর, আইলায় নিঃস্ব উপকূলের জেলেরা নতুন করে স্বপ্ন দেখছেন। তাই ধার-দেনা করে, দাদন নিয়ে তাঁরা নতুন নৌকা, ট্রলার, জাল গড়াচ্ছেন।গত শুক্রবার দুপুরে পাথরঘাটার পদ্মা গ্রামে গিয়ে দেখা যায়, জেলে আবুল কাশেম নৌকার তলায় আলকাতরা মাখছিলেন। তপ্ত রোদ আর সাগর থেকে উঠে আসা লোনা বাতাসে পুড়ে চেহারাটা কালচে হয়ে গেছে তাঁর। কথা প্রসঙ্গে কাশেম বললেন, ‘দ্যাহেন না, সাগর ক্যামনে হোসাইতে (ফোঁসাচ্ছে) লাগছে, এহন মোগো মোন রইছে সাগরে। সাগর ডাক দেলে আর কিনারে থাকতে মোন চায় না। হেইর লইগ্যাই তো এত তাড়াহুড়া সবাইর।’পদ্মা স্লুইস এলাকায় কয়েক শ নৌকা-ট্রলার নির্মাণের দৃশ্য দেখা গেল। এখানকার জেলে আলীম ও ফারুক হোসেন বলেন, ‘দিন-রাইত কোনো বিশ্রাম নাই। মহাজনের কাছ দিয়া কয়েক লাখ টাহা দাদন আনছি। আত্মীয়-স্বজনগো কাছ দিয়া ধার-দেনা করছি আরও কয়েক লাখ টাহা। সময়মতো সাগরে যাইতে না পারলে মরণ ছাড়া গতি নাই।’পদ্মা গ্রামের ইছাহাক মিস্ত্রি ও হাসেম মিস্ত্রি জানালেন, চলতি মৌসুমে তাঁরা বড় ট্রলার তৈরি করেছেন পাঁচটি। হাতে আরও ১০-১২টির কাজ আছে। দিন-রাত কাজ করেও কুল পাচ্ছেন না তাঁরা। চরদুয়ানীর বাবুল মিস্ত্রি জানান, এ মৌসুমে তিনি মোট ১৬টি মাছ ধরার নৌকা তৈরি করেছেন।জেলে আকবর হোসেন বলেন, ‘এবার বাতাসের যে গোন (গতি), তাতে মোনে কয়, অনেক ইলিশ পামু। এহন হেই মাছ লইয়্যা ডাকাইতগো (জলদস্যু) কবল দিয়া কিনারে ফেরতে পারমু কি না, কইতে পারি না।’উপকূলের প্রধান মৎস্যবন্দর পাথরঘাটা ও পটুয়াখালীর মহীপুরের আড়তদারদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ইলিশ মৌসুমকে সামনে রেখে বরগুনা ও পটুয়াখালী উপকূলে প্রায় ২৫০ কোটি টাকা লগ্নি করা হয়েছে। তাঁরা আশা করছেন, কয়েক বছর ধরে জাটকা নিধন না হওয়ায় এবার সাগরে প্রচুর ইলিশ ধরা পড়বে। কিন্তু এসব ইলিশ সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য যে পরিমাণ বরফের প্রয়োজন, তা ব্যাহত হতে পারে অব্যাহত বিদ্যুৎ-সংকটের কারণে।পাথরঘাটা মৎস্যব্যবসায়ী (আড়তদার) সমিতির সভাপতি মো. ছগীর হোসেন মেম্বার বলেন, দিনে গড়ে দুই-তিন ঘণ্টাও বিদ্যুৎ থাকে না। ইলিশ মৌসুমে প্রতিদিন গড়ে ২০-৩০ হাজার মণ মাছ প্রক্রিয়াজাত করতে যে পরিমাণ বরফের দরকার, বিদ্যুৎ না থাকলে তা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। ফলে অনেক মাছ পচে যাওয়ায় প্রতিদিন লাখ লাখ টাকা লোকসান দিতে হবে।পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণকেন্দ্রের ব্যবস্থাপক মো. শামসুজ্জামান প্রথম আলোকে বলেন, চলতি অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত এই মৎস্যকেন্দ্র থেকে রাজস্ব আদায় হয়েছে ৯২ লাখ ১৬ হাজার টাকা। এখানে প্রতি অর্থবছরে প্রায় ৫০০ কোটি টাকার মাছ কেনা-বেচা হয়। সরকারের এত বড় একটি আর্থিক খাত, অথচ এখন এটি বিদ্যুতের অভাবে মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে।একই অবস্থা মৎস্যবন্দর মহীপুরেও। মহীপুর আড়তদার সমিতির সভাপতি গাজী ফজলুল হক বলেন, ‘এই বন্দরে বছরে দেড় থেকে দুই হাজার কোটি টাকার মাছ কেনা-বেচা হয়। অথচ সরকারের কাছ থেকে আমরা বিন্দুমাত্র সুবিধা পাই না।’