বঙ্গোপসাগরে চলছে হাঙর নিধন
বঙ্গোপসাগরে বেশ কয়েক দিন ধরে বড় হাঙরের পাশাপাশি ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে বাচ্চা হাঙর। এসব হাঙর কেটে শুঁটকি করা হচ্ছে। ব্যাপক হারে হাঙর নিধনের কারণে সামুদ্রিক প্রতিবেশ ও জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মৎস্য বিশেষজ্ঞেরা।উপকূলীয় জেলা বরগুনার পাথরঘাটা উপজেলার লালদিয়া, রূপনগর; তালতলীর আশারচর; পটুয়াখালী জেলার কুয়াকাটা, মহীপুর; বাগেরহাট জেলার সোনার চর, রুপার চর, চর গঙ্গামতী, দুবলার চরসহ বিভিন্ন চরে ২০টি শুঁটকিপল্লিতে হাঙর দিয়ে শুঁটকি তৈরি করা হচ্ছে।জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, নভেম্বরের শেষ দিকে বঙ্গোপসাগরে জেলেদের জালে হাঙর ধরা পড়তে থাকে। এক মাস ধরে বড় হাঙরের পাশাপাশি প্রতিদিন বিপুলসংখ্যক বাচ্চা হাঙর ধরা পড়ছে। হাঙর ধরার জন্য জেলেরা বিভিন্ন ধরনের জাল ব্যবহার করেন। মাছের চেয়ে হাঙরের ভালো মূল্য পাওয়ায় জেলেরা বর্তমানে অধিক উৎসাহে হাঙর শিকার করছেন। জেলে ও শুঁটকি ব্যবসায়ীরা জানান, বিদেশে হাঙরের শুঁটকি, তেল, চামড়া, দাঁত, কান, পাখা, হাড়সহ অন্য অঙ্গ-প্রত্যঙ্গ চড়া মূল্যে বিক্রি হয়। তাই হাঙর কিনতে ব্যবসায়ীরাও কোটি কোটি টাকা লগ্নি করেছেন।সম্প্রতি বরগুনার পাথরঘাটা উপজেলার লালদিয়া ও রূপনগর এলাকায় গিয়ে দেখা যায়, ছয়টি মাচায় শত শত হাঙর শুঁটকি করা হচ্ছে। তালতলী থানার শুঁটকি উৎপাদনকারী অঞ্চল আশার চরে গিয়েও একই দৃশ্য দেখা যায়।পাথরঘাটার রূপনগর শুঁটকিপল্লির ব্যবসায়ী মাহবুব হোসেন জানান, এ বছর বড় হাঙরের চেয়ে ছোট হাঙর বেশি ধরা পড়ছে। হাঙরের শুঁটকি চট্টগ্রাম হয়ে অস্ট্রেলিয়া, কোরিয়া, জাপান, তাইওয়ান, হংকংসহ বিশ্বের প্রায় ১০টি দেশ ও নগরে রপ্তানি হয়। তিনি আরও জানান, ‘এ’ গ্রেডের হাঙর (যে হাঙরের কান ২১ ইঞ্চি লম্বা) প্রতিটি ২৮ থেকে ৩০ হাজার টাকা এবং ‘বি’ গ্রেডের হাঙর (কানের দৈর্ঘ্য ২১ ইঞ্চির নিচে) একেকটি ১৫ থেকে ১৮ হাজার টাকায় তাঁরা কেনেন। এই ব্যবসায় একেকজন ব্যবসায়ী ১৫-২০ লাখ টাকা করে লগ্নি করেছেন।কুয়াকাটার শুঁটকি ব্যবসায়ী খলিলুর রহমান জানান, হাঙরের এক সেট সারফিন (কান, লেজ ও পাখা) পাইকারি বিক্রি হয় সাত-আট হাজার টাকায়। প্রতি কেজি চামড়া এক হাজার থেকে এক হাজার ৩০০ টাকা, হাড় ১২০ থেকে ১৫০ এবং এক সেট দাঁত তিন-চার হাজার টাকা পর্যন্ত পাইকারি বাজারে বিক্রি হয়। তিনি আরও জানান, স্থানীয়ভাবে প্রক্রিয়াজাত করে হাঙরের তেল প্রতি ব্যারেল সাত-আট হাজার টাকায় তাঁরা বিক্রি করেন। এ ছাড়া হাঙরের নাড়িভুঁড়ি ৫০ থেকে ৬০ টাকা কেজিদরে বিক্রি হয়।দুবলার চর শুঁটকিপল্লি ঘুরে দেখা গেছে, বিশাল শুঁটকির মাচায় সাত-আট ইঞ্চি আকারের হাজার হাজার হাঙরের বাচ্চা শুকানো হচ্ছে। এই পল্লিতে প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত চলে হাঙর বিক্রি। সারা রাত চলে হাঙর কাটার কাজ। হাঙর শুঁটকি করতে চার-পাঁচ দিন লাগে বলে জানান শুঁটকিশ্রমিকেরা।দুবলার চরের শুঁটকি ব্যবসায়ী অনীল চন্দ্র জানান, খুব ছোট ১০০ হাঙর এক হাজার ২০০ থেকে দেড় হাজার টাকায় কেনেন তাঁরা। বড় হাঙর প্রতি মণ কিনছেন ছয়-সাত হাজার টাকায়। এসব হাঙর শুঁটকি করে প্রতি মণ ৮-১০ হাজার টাকায় তাঁরা বিক্রি করেন চট্টগ্রাম ও ঢাকার শুঁটকি ব্যবসায়ীদের কাছে।বরগুনা জেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, হাঙর নিধন সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য খুবই ক্ষতিকর। কিন্তু কোনো আইন না থাকায় হাঙর নিধন বন্ধ করা যাচ্ছে না। এ জন্য কঠোর আইন প্রণয়ন করা প্রয়োজন বলে তিনি অভিমত দেন।পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ প্রথম আলোকে বলেন, হাঙরজাতীয় প্রাণী সাগরের অন্য প্রাণীর প্রজনন, বেড়ে ওঠা ও ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাপক হারে হাঙর নিধনের কারণে সামুদ্রিক জীববৈচিত্র্য ও সামগ্রিক প্রতিবেশে মারাত্মক ভারসাম্যহীনতার সৃষ্টি করবে। তাই যত দ্রুত সম্ভব, এই নিধনযজ্ঞ বন্ধ করার জন্য সরকারিভাবে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।