বঙ্গোপসাগরে চারটি ট্রলারসহ ৬০ জেলেকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে সুন্দরবনসংলগ্ন ফেয়ারওয়ে বয়ার কাছে গত শুক্রবার রাতে ২০-২৫টি মাছ ধরার ট্রলারে হামলা চালিয়ে মাছসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করেছে জলদস্যুরা। এ সময় দস্যুরা চারটি ট্রলারসহ কমপক্ষে ৬০ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। সাগর থেকে বরগুনার পাথরঘাটায় ফিরে গতকাল শনিবার জেলেরা এ কথা জানান।জেলেরা বলেন, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে তাঁরা দক্ষিণ বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার কাছাকাছি এলাকায় ২০-২৫টি ট্রলার নিয়ে মাছ ধরছিলেন। এ সময় জলদস্যু রাজু ও আব্বাস বাহিনীর ১৫-২০ জনের দুটি দল তাঁদের ট্রলারে হামলা চালায়। জলদস্যুরা ট্রলারগুলো থেকে ইলিশ মাছ, জাল, জ্বালানি তেলসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে। পরে তারা এফবি মায়ের দোয়া, এফবি আল্লার দান, এফবি জিশানসহ চারটি ট্রলার এবং কমপক্ষে ৬০ জন জেলেকে অপরহরণ করে নিয়ে যায়। অপহূত জেলেদের মধ্যে ১১ জনের নাম জানা গেছে। তাঁরা হলেন, এফবি নূরজাহানের মাঝি সালেক, এফবি আল হোসেনের কবির মাঝি, আলম, ফুল মিয়া, আয়নাল, ফারুক হোসেন, আবদুল মান্নান, জাকির হোসেন, আবদুল মালেক, আবদুল জব্বার ও আবদুল কাদের। অপহূত জেলেদের বাড়ি বরগুনা সদর, পাথরঘাটা, পিরোজপুরের পাড়েরহাট ও চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জানান, অপহূত জেলেদের মুক্তিপণ হিসেবে জনপ্রতি দুই লাখ টাকা দাবি করা হয়েছে। এ ছাড়া ট্রলারপ্রতি ১০ লাখ টাকা দাবি করেছে জলদস্যুরা ।বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান মাঝি বলেন, গত ২৩ অক্টোবর র্যা বের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু রাজুর ছোট ভাই জাহাঙ্গীর নিহত হওয়ার পর জলদস্যুরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।কোস্টগার্ডের পাথরঘাটা ঘাঁটির কমান্ডার লে. হাসানুজ্জামান গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, অপহূত জেলেদের উদ্ধারে যৌথ অভিযানের প্রস্তুতি নিচ্ছে কোস্টগার্ডের পশ্চিম জোন ও র্যা ব-৮-এর সদস্যরা।পাথরঘাটা ট্রলার মালিক সমিতির নেতারা জানান, গত ১৮ অক্টোবর রাতে সুন্দরবনসংলগ্ন চালনা বয়া এলাকা থেকে ৪৬ জন জেলেকে অপহরণ করে জলদস্যুরা। এর মধ্যে ১২ জন গত সোমবার ১৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন। বাকি ৩৪ জন এখনো মুক্তি পাননি। ওই ৩৪ জনের মুক্তির জন্য জনপ্রতি এক লাখ টাকা করে দাবি করেছে দস্যুরা।