বঙ্গোপসাগরে ছয়টি ট্রলারসহ ২৪ জন জেলে অপহূত
দক্ষিণ বঙ্গোপসাগরের সোনারচর এলাকায় গত শুক্রবার রাতে ছয়টি ট্রলারসহ ২৪ জন জেলে অপহূত হয়েছেন। তাঁদের সবার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে। ফিরে আসা কয়েকজন জেলের বরাত দিয়ে জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান মাঝি গতকাল শনিবার জানান, শুক্রবার গভীর রাতে সুন্দরবনসংলগ্ন সোনারচরে জেলেদের একটি বহরে জলদস্যুরা হামলা চালায়। তারা জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে ছয়টি ট্রলার ও ২৪ জন জেলেকে ধরে নিয়ে যায়। তবে জলদস্যুদের কোন পক্ষ এ ঘটনায় জড়িত, তা জানা যায়নি। অপহূত জেলেদের মধ্যে যাঁদের নাম পাওয়া গেছে, তাঁরা হলেন: শাহজাহান, নজরুল, আবুল, আলতাফ, সুলতান, লোকমান ও খোকন। জলদস্যুরা যে ট্রলারগুলো নিয়ে গেছে, সেগুলো হলো: এফবি নুরভানু, এফবি মাওলা, এফবি তরিকুল, এফবি নাজমা, এফবি মা-বাবা ও এফবি মনিরুজ্জামান। কোস্টগার্ডের পাথরঘাটা কন্টিনজেন্টের কমান্ডার লেফটেন্যান্ট হারুন-অর-রশিদ প্রথম আলোকে বলেন, ‘সোনারচর এলাকা থেকে জেলেদের অপহরণের খবর আমরাও পেয়েছি। সেখানে একটি টহল দল পাঠানো হয়েছে।’