বঙ্গোপসাগরে ছয়টি মাছধরা নৌকায় ডাকাতি
কক্সবাজারের মহেশখালী উপকূলে বঙ্গোপসাগরের বিভিন্ন স্থানে গত মঙ্গল ও বুধবার গভীর রাতে ছয়টি মাছধরা নৌকায় ডাকাতি করেছে জলদস্যুরা। এ সময় জলদস্যুদের হামলায় ২০ জেলে আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি, জলদস্যুরা মাছ, জাল, তেলসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে গেছে। মাছধরা নৌকার মালিক ও জেলেরা জানান, এক সপ্তাহ আগে ছয়টি মাছধরা নৌকা বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। গত মঙ্গল ও বুধবার গভীর রাতে বঙ্গোপসাগরে বিভিন্ন পয়েন্টে মাছ ধরার সময় জলদস্যুরা নৌকাগুলোতে হামলা চালায়। তারা নৌকায় থাকা মাছ, জাল ও তেল লুটে নিয়ে যায়। এ সময় জলদস্যুদের হামলায় কমপক্ষে ২০ জেলে আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।কুতুবজোম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল আমিন প্রথম আলোকে বলেন, বঙ্গোপসাগরের বিভিন্ন স্থানে জলদস্যুরা তাণ্ডব চালাচ্ছে। তাঁর একটি মাছধরা নৌকায়ও লুটপাট চালিয়েছে জলদুস্যরা। কোস্টগার্ডের কক্সবাজারের কন্টিনজেন্ট কমান্ডার এম এ রউফ প্রথম আলোকে বলেন, বঙ্গোপসাগরে দস্যুতা বন্ধসহ জলদস্যুদের গ্রেপ্তারে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।