বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে এক জেলে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে গত শুক্রবার রাতে জলদস্যুদের গুলিতে এক কিশোর জেলের মৃত্যু হয়েছে। এ সময় তিন জেলে গুলিবিদ্ধ এবং অপর ছয় জেলে নিখোঁজ হয়েছেন। দস্যুরা ৩০ জেলেকে অপহরণ এবং অন্তত ৩৩টি ট্রলারের জালসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে। কিশোর জেলের নাম গুরা মিয়া (১৩)। তার বাড়ি চট্টগ্রামের পাহাড়তলীতে বলে জানা গেছে। তবে তার লাশ পাওয়া যায়নি।জলদস্যুদের কবল থেকে ফিরে আসা জেলে চট্টগ্রামের লালু মিয়া জানান, বরগুনার পাথরঘাটা থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগরের গঙ্গামতী এলাকায় গত শুক্রবার রাত ১১টার দিকে অন্তত ২৫টি মাছ ধরার ট্রলারে হামলা করে জলদস্যু জিয়া-রফিক বাহিনী। একপর্যায়ে জেলেদের বিভিন্ন ট্রলার লক্ষ করে গুলি ছুড়তে শুরু করে দস্যুরা। এ সময় চট্টগ্রামের পাহাড়তলীর এফবি আসলি ট্রলারের কিশোর গুরা মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। গুলিবিদ্ধ হন একই ট্রলারের অপর তিন জেলে আবদুল হাকিম, নূর আলম ও আমিন। এ ছাড়া জলদস্যুদের বহনকারী ট্রলারটির ধাক্কায় কক্সবাজারের পাহাড়তলীর ট্রলার এফবি জাবেদ এবং ওই ট্রলারটি ডুবে যায়। গুলিবিদ্ধ তিন জেলেসহ ডুবে যাওয়া ট্রলার দুটির ২৫ জন জেলেকে পরে গতকাল দুপুরে উদ্ধার করে পাথরঘাটার এফবি তন্ময়। তবে অপর ছয় জেলে নিখোঁজ রয়েছেন। বরগুনা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মন্নান মাঝি জানান, জলদস্যুদের গুলিতে আহত তিন জেলেকে গতকাল পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি নিখোঁজ থাকা তিনজনের পরিচয় জানাতে পেরেছেন। তাঁরা হলেন: তৈয়ব আলী, হাসান ও মনজুর। তাঁদের বাড়ি চট্টগ্রামের পাহাড়তলী এলাকায়। অপহূত জেলেদের মধ্যে ১১ জনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন: এফবি তরিকুল ট্রলারের জিয়া মাঝি, এফবি মোর্শেদ ট্রলারের জয়নাল মাঝি, এফবি ইকরা ট্রলারের আবদুল আজিজ মাঝি, এফবি ওলি ট্রলারের আবদুল জলিল মাঝি, এফবি সিরাজুল হক ট্রলারের নাসির মাঝি, এফবি তন্ময় ট্রলারের শাহ আলম মাঝি, এফবি বারেক ট্রলারের মনু মিয়া মাঝি, আসলি ট্রলারের আমানুল্লাহ মাঝি, হামিদ মিস্ত্রি, এফবি জাভেদের রফিক মাঝি ও রফিক মিস্ত্রি। তাঁদের বাড়ি বরগুনা সদর ও পাথরঘাটার বিভিন্ন এলাকায়। অন্যদিকে একই রাতে কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে ৫০ কিলোমিটার পশ্চিমে বঙ্গোপসাগরে আটটি ট্রলারে হামলা চালায় জলদস্যুরা। এ সময় তারা ট্রলারগুলো থেকে মালামাল লুট ও আটজন জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। অপহূত জেলেরা হলেন: আবদুল জলিল মাঝি (৩৫), বাবুল মাঝি (৩৬), ফোরকান মাঝি (৩৩), চানমিয়া মাঝি (৩৪), হারুন মাঝি (৪১) নাজিম উদ্দিন (৩৮)। অন্য দুজনের নাম জানা যায়নি। এসব জেলের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে।জলদস্যুদের কবল থেকে ফিরে আসা এফবি জান্নাতুল ফেরদৌস ট্রলারের জেলে আফজাল হোসেন বলেন, জলদস্যুরা চলে যাওয়ার সময় একটি টোকেন দিয়ে গেছে। তাতে জলদস্যু রফিক বাহিনীর নাম ও যোগাযোগের জন্য একটি মুঠোফোন নম্বর রয়েছে। তবে ভয়ে ট্রলারের মালিক ও জেলেরা নম্বরটি দিতে রাজি হচ্ছেন না।বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বঙ্গোপসাগরের বারোবাম এলাকায় গত বুধবার জলদস্যুদের হামলায় চার জেলে গুলিবিদ্ধ হন। শুক্রবার রাতে আবার হামলা ও জেলেদের অপহরণের ঘটনায় উপকূলের জেলের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। কোস্টগার্ডের পাথরঘাটা কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট হারুন অর রশিদ বলেন, কোস্টগার্ড সদস্যরা সাগরে টহল জোরদার করেছেন। শুক্রবারের ডাকাতির ঘটনার পর ওই এলাকায় অভিযান চালানোর প্রস্তুতি চলছে।