বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৬ জেলের লাশ উদ্ধার
বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে মাছ ধরার একটি ট্রলারডুবির ঘটনায় আজ রোববার রাতে ছয় জেলের লাশ উদ্ধার হয়েছে। আরও তিন জেলে নিখোঁজ রয়েছেন বলে ট্রলারের মালিক জানিয়েছেন।
জেলেরা জানান, আজ রোববার সকালে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে নয় জেলেসহ ট্রলারটি বঙ্গোপসাগরের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে উল্টে ডুবে যায়। । বিকেলে জোয়ারের ধাক্কায় ট্রলারটি শহরের নাজিরারটেক উপকূলে চলে আসে। এ সময় স্থানীয় জেলেরা ট্রলারের ভেতর লাশ দেখতে পেয়ে ট্রলারের মালিককে খবর দেয়। এরপর মালিকপক্ষের লোকজন এসে ট্রলারটি টেনে খুরুশকুলের রাখাইপাড়ার পশ্চিমে সাগরচরে নিয়ে যান। রাত সাড়ে আটটা পর্যন্ত ট্রলারের ভেতর থেকে একে একে ছয়টি লাশ উদ্ধার করা হয়।
ট্রলারের মালিক কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের কাউয়ারপাড়ার আবু তাহের।
পুলিশ ও স্থানীয় লোকজন ছয় লাশের পরিচয় শনাক্ত করেন। এঁরা হলেন খুরুশকুল ইউনিয়নের রাস্তাপাড়ার তারেক আহমদ (২৬), ঘোনারপাড়ার রহমত উল্লাহ (২৮), ফকিরপাড়ার কবির আহমদ (৩৪), কাউয়ারপাড়ার নুরুল কবির (ট্রলার মালিকের ভাই), মহেশখালীর আবুল হোসেন (২৯) ও টেকনাফের জাফর আলম (৪০)। জাফর আলম ও আবুল হোসেন থাকেন খুরুশকুলের দক্ষিণ ডেইলপাড়ায়।
রাতে ঘটনাস্থল থেকে কক্সবাজার সদর মডেল থানার এসআই মো. রহিম মোবাইলে প্রথম আলোকে জানান, ট্রলারডুবির ঘটনার রাত সাড়ে আটটা পর্যন্ত ছয় ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ট্রলারের ভেতরে আরও লাশ থাকতে পারে। ট্রলারটি সাগরের তলদেশে অবস্থান করছে। অন্ধকার রাতে সেখানে উদ্ধার তৎপরতা চালানো যাচ্ছে না।
ট্রলারমালিক আবু তাহের জানান, ট্রলারে নয় জেলের মধ্যে তাঁর দুই ভাই ছিল। এর মধ্যে নুরুল কবিরের লাশ উদ্ধার হলেও অপর ছোট ভাই আহমদ কবিরের সন্ধান মিলছে না। ট্রলারের ভেতরে সে আটকে থাকতে পারে।
ট্রলারমালিক জানান, দীর্ঘ তিন মাস পর নয় জেলে নিয়ে তাঁর ট্রলারটি ১৮ আগস্ট সাগরে মাছ ধরতে যায়। নিম্নচাপ সৃষ্টির ফলে সাগর প্রচণ্ড উত্তাল হলে আজ ভোররাতে ট্রলারটি উপকূলের দিকে ছুটে আসছিল। ভোর পাঁচটার দিকে ট্রলারটি মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে পৌঁছালে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, নিখোঁজ জেলেদের সন্ধানে চেষ্টা চলছে।