বঙ্গোপসাগরে ট্রলার বাড়ানোর প্রস্তাব অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিসভা বঙ্গোপসাগরের বিশেষ অর্থনৈতিক জোনে সহজ, টেকসই ও সহনীয় পর্যায়ে মত্স্যসম্পদ আহরণে ট্রলারের সংখ্যা বাড়ানোর একটি প্রস্তাব অনুমোদন করেছে। বঙ্গোপসাগরে মত্স্য আহরণের জন্য আরও ২৫টি ট্রলারকে লাইসেন্স দেওয়া হবে। এর মধ্যে ১৫টি মধ্যস্তরে ও ১০টি গভীর সমুদ্রে চলাচল করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। খবর বাসসের।

শেখ হাসিনা বলেন, সামুদ্রিক মাছ ও পরিবেশের কথা বিবেচনা করে বটম ট্রলারের পরিবর্তে মিড ওয়াটার ট্রলার ব্যবহার করা হবে। তবে তিনি বলেন, এসব ট্রলার চিংড়ি মাছ ধরার জন্য ব্যবহার করা যাবে না। বৈঠক শেষে মন্ত্রিপরিষদের সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এসব কথা জানান।

মন্ত্রিপরিষদের সচিব বলেন, মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তোলা প্রস্তাবটি মন্ত্রিসভায় বিশদ আলোচনার পর তা অনুমোদন করা হয়েছে এবং প্রস্তাবটি বাস্তবায়নে কয়েকটি দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, বঙ্গোপসাগরে মত্স্যসম্পদ আহরণের ক্ষেত্রে তিনটি স্তর রয়েছে। বর্তমানে প্রথম স্তরে ইঞ্জিনচালিত ও ইঞ্জিনবিহীন ৪৩ হাজার ট্রলার মত্স্যসম্পদ আহরণ করছে। আর অবশিষ্ট দুই স্তরে ৩২ হাজার ৪০০ বর্গকিলোমিটারজুড়ে চলছে ২৯৯টি ট্রলার।

শেষ দুই স্তরে যে ২৯৯টি ট্রলার চলাচল করছে, সেগুলোর কয়েকটি সরকার অনুমোদিত এবং অন্যগুলো চলছে হাইকোর্টের নির্দেশে।

এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদের সচিব আরও বলেন, গত ২০১০-১১ অর্থবছরে বঙ্গোপসাগর থেকে পাঁচ লাখ ৪৬ হাজার ৩৩৩ মেট্রিক টন মত্স্যসম্পদ আহরণ করা হয়েছে, এর ৯১ ভাগ ধরা হয়েছে ছোট নৌকা দিয়ে। তিনি বলেন, বৈঠকে দ্বিতীয় ও তৃতীয় স্তরে ট্রলারের সংখ্যা বৃদ্ধির একটি প্রস্তাব অনুমোদন করা হয়।

মোশাররাফ হোসাইন বলেন, বঙ্গোপসাগরে মাছ শিকারের জন্য যাঁরা ট্রলার ব্যবহার করছেন না, তাঁদের লাইসেন্স বাতিল করা হবে। এ জন্য তাঁদের সময় বেঁধে দিয়ে নোটিশ দেওয়া হবে।

সচিব বলেন, বর্তমান নীতির দুর্বল দিকগুলো দূর করে বঙ্গোপসাগরে মত্স্য আহরণে সময়োপযোগী একটি নীতি প্রণয়নের জন্য মন্ত্রিসভা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে।

মোশাররাফ হোসাইন বলেন, গত ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের দ্বিতীয় ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউতে (ইউপিআর) পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে।

রিভিউ মিটিংয়ে বিভিন্ন ইস্যুতে ১৯৬টি পরামর্শ উপস্থাপন করা হয়। এর মধ্যে বাংলাদেশ ১৩৪টি পরামর্শ গ্রহণ করেছে। মৃত্যুদণ্ডাদেশ বাতিল ও সমকামী সম্পর্ক অনুমোদনসহ বাকি পরামর্শগুলো বাংলাদেশ নাকচ করে দিয়েছে।

আজকের বৈঠকে গত ১ থেকে ২ এপ্রিল ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত মানবপাচার, অবৈধ অভিবাসন, উদ্বাস্তু ও আন্তর্দেশীয় অপরাধ বন্ধে অনুষ্ঠিত পঞ্চম মন্ত্রিপর্যায়ের বালি প্রসেস মিটিংয়ে পররাষ্ট্রমন্ত্রী  দীপু মনির নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ এবং গত ২৯ এপ্রিল লন্ডনে অনুষ্ঠিত কমনওয়েলথ মিনিস্ট্রিয়াল অ্যাকশন গ্রুপের (সিএমএজি) ৩৯তম সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ সম্পর্কে অবহিত করা হয়। এ ছাড়া গত ১৮ জুন বাংলাদেশ প্রতিনিধিদলের কুয়েত সফর এবং ১৯ থেকে ২২ জুন সৌদি আরব সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।

সভায় ২০১৩ সালে সৌদি সরকারের সাধারণ ক্ষমা ঘোষণার পর সৌদি আরবে বাংলাদেশ মিশনের কনস্যুলারের কর্মকাণ্ড সম্পর্কেও মন্ত্রিসভাকে অবহিত করা হয়।

মন্ত্রিবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট সচিবেরা বৈঠকে উপস্থিত ছিলেন।