বঙ্গোপসাগরে ট্রলারডুবি, উদ্ধার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে নাইক্ষ্যংদিয়ার দক্ষিণ পাশে বঙ্গোপসাগরের বড়চর এলাকায় একটি ট্রলার ডুবে গেছে। ওই ট্রলারের চারজন মাঝিকে উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। আজ সোমবার বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া মাঝিরা হলেন মো. আলমগীর, ফয়েজুল ইসলাম, মো. বেলাল ও নুরুল আলম। তাঁরা সবাই সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দা বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিব উল্লাহ খান।
হাবিব উল্লাহ খান বলেন, বিকেলের দিকে টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলি খাল থেকে লাকড়ি (তুষের জ্বালানি) বোঝাই করা হয় ওই ট্রলারে। নৌযানটির মালিক টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়ার বাসিন্দা হাফেজ উল্লাহ। ট্রলারটি লাকড়ি নিয়ে সেন্ট মার্টিনে আসছিল। ট্রলারটি বড়চর এলাকায় পৌঁছালে ঢেউয়ে উল্টে যায়। সেন্ট মার্টিন জেটি থেকে স্থানীয় লোকজন ঘটনাটি দেখতে পান। পরে তাঁরা অপর একটি ট্রলার নিয়ে চারজন মাঝিকে উদ্ধার করেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হোসেন ছিদ্দিক বলেন, ‘ট্রলারডুবির ঘটনাটি শুনেছি। অতিরিক্ত মালামাল পরিবহনের কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে কি না, তা খতিয়ে দেখে ট্রলারমালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’