বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিহত ১, নিখোঁজ ২৬
কক্সবাজারের অদূরে বঙ্গোপসাগরে সিঙ্গাপুরগামী একটি জাহাজের ধাক্কায় এফভি বন্ধন নামের একটি মাছ ধরার ট্রলার (ফিশিং ভেসেল) ২৯ জন মাঝিমাল্লাসহ ডুবে গেছে। এ ঘটনায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। এঁদের মধ্যে একজন মারা গেছেন। এখন পর্যন্ত ২৬ জন নিখোঁজ রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটা ১০ মিনিটের দিকে কক্সবাজারের অদূরে গভীর সমুদ্রে এ ঘটনা ঘটে।
প্রথম আলোকে দেওয়া এফভি বন্ধনের মালিকানা প্রতিষ্ঠান বেঙ্গল ফিশারিজ লিমিটেডের সহকারী ব্যবস্থাপক কাজী কামরুল আমিনের ভাষ্য, রাতে গভীর সমুদ্রে মাছ ধরার সময় বসুন্ধরা-৮ নামের সিঙ্গাপুরগামী একটি জাহাজ ট্রলারটিকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। মাছ ধরার সময় একপর্যায়ে জাহাজটি খুব কাছে চলে এলেও ট্রলার ঘুরিয়ে পাশ কাটানো সম্ভব হয়ে ওঠেনি। এ কারণে বিভিন্নভাবে বসুন্ধরা-৮ জাহাজটিকে সতর্ক সিগন্যাল দিলেও জাহাজটি ট্রলারটিকে ধাক্কা মেরে চলে যায়।
তবে বসুন্ধরা-৮ জাহাজের কর্মকর্তারা ট্রলারটিকে ধাক্কা মারার বিষয়টি নৌবাহিনীর কাছে অস্বীকার করেছে বলে জানা গেছে।
নৌবাহিনীর মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, সমুদ্রে টহল দেওয়া নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র জয়’ উদ্ধারকাজে যোগ দিতে ঘটনাস্থলে গেছে।