বঙ্গোপসাগরে ডাকাতি প্রতিরোধে পদক্ষেপ
চট্টগ্রাম বন্দরের জেটি, বহির্নোঙর ও কুতুবদিয়া এলাকায় সাগরে চুরি-ডাকাতি প্রতিরোধে নতুন পদক্ষেপ নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার বন্দর ভবনে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের বৈঠকে এসব পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়।একই বিষয়ে গত রোববার দুপুরে চট্টগ্রাম নগর পুলিশের কমিশনারের সভাপতিত্বে পুলিশ কর্মকর্তাদের উচ্চ পর্যায়ের এক বৈঠক হয়। বৈঠকে গৃহীত সিদ্ধান্তের মধ্যে রয়েছে, ‘বহির্নোঙরে কুতুবদিয়ার অদূরে নৌবাহিনী এবং জেটি ও চ্যানেলের মধ্যে কোস্টগার্ড-বন্দর নিরাপত্তাকর্মীদের যৌথ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা, মাছ ধরার নৌকায় বড় অক্ষরে নাম ও লাইসেন্স নম্বর লাগানোর ব্যবস্থা করা, সাগরে ডাকাতি করে ডাকাতেরা স্থলভাগে এসে যাতে বাধার মুখে পড়ে, সে জন্য হালিশহর, গহিরা ও পার্কি সৈকত এলাকায় পুলিশের টহল বাড়ানো প্রভৃতি।বৈঠক সম্পর্কে বন্দর চেয়ারম্যান এম এন ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বন্দরের ভেতরে-বাইরে সব সংস্থা যাতে সমন্বিতভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করতে পারে, সে জন্য এসব ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ জন্য প্রতি মাসে অন্তত একবার সমন্বয় সভা হবে।বৈঠক সূত্রে জানা গেছে, বন্দর ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বন্দর চেয়ারম্যান। অন্যদের মধ্যে বন্দরের সদস্য নজরুল ইসলাম, ক্যাপ্টেন আনোয়ারুল হক চৌধুরী, ক্যাপ্টেন এম শাহজাহান, মোশাররফ হোসেন, কোস্টগার্ড, নৌবাহিনী, নৌ-বাণিজ্য অধিদপ্তর, পুলিশ ও শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও আলোচনায় অংশ নেন।