বঙ্গোপসাগরে তিন ট্রলারে ডাকাতি, ৪ জেলে গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে ১৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরের বারোবাম এলাকায় সুন্দরবনকেন্দ্রিক একটি জলদস্যু বাহিনীর গুলিতে চার জেলে আহত হয়েছেন। জলদস্যুরা এ সময় তিনটি ট্রলারের জেলেদের কাছ থেকে নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মাছ, জাল ও মালামাল লুট করে নিয়ে গেছে।গুলিবিদ্ধ জেলেরা হলেন: নাসির উদ্দিন (২২), কাইউম মাঝি (৩২), এমাদুল (৩৫), শাহজাহান (৩৪)। তাঁদের মধ্যে গুরুতর আহত তিনজনকে প্রথমে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গতকাল দুপুরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ জেলেদের বাড়ি পাথরঘাটার মঠেরখাল ও তাফালবাড়িয়া গ্রামে।পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার দে চার জেলে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে গতকাল দুপুরে বলেন, ‘ঘটনা শোনার পর পরই আমরা গুলিবিদ্ধ জেলেদের চিকিৎসার ব্যবস্থা নিয়েছি।’প্রতাক্ষ্যদর্শী এফবি ফারজানা ট্রলারের জেলে ইয়াছিন আলী জানান, বঙ্গোপসাগরের বারোবাম এলাকায় বুধবার রাত ১০টার দিকে তাঁরা মাছ ধরছিলেন। এ সময় জলদস্যু দলের ২০-২৫ জন সদস্য একটি ট্রলার নিয়ে এফবি এলাহী ভরসা নামের একটি ট্রলারকে ধাওয়া করে। এফবি ফারজানা ট্রলারের মাঝি ট্রলার নিয়ে তাঁদের বাঁচাতে ওই ট্রলারের পিছু নিলে জলদস্যুরা এফবি ফারজানার জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে এফবি ফারজানার মাঝি কাইউম হোসেনসহ ওই চারজন শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হন। পরে দস্যুরা এফবি ফারজানা, এফবি মায়ের দোয়া ও এফবি এলাহী ভরসা নামের তিনটি ট্রলারে হামলা চালিয়ে মাছ, জাল, নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়।পাথরঘাটা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন, সাম্প্রতিক সময়ে জলদস্যুদের তাণ্ডবে জেলেরা সাগরে মাছ ধরতে যেতে সাহস পাচ্ছেন না। অল্পসংখ্যক ট্রলার সাগরে গেলেও জেলেরা হামলা ও অপহরণের শিকার হচ্ছেন। নতুন করে জেলেদের ওপর হামলার ঘটনায় গোটা উপকূলের জেলেদের মধ্যে মারাত্মক আতঙ্ক বিরাজ করছে।কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট হারুন অর রশিদ বলেন, ‘গুলিবিদ্ধ জেলেরা কোস্টগার্ডের পাথরঘাটা ঘাঁটিতে এসেছিলেন। তাঁদের সঙ্গে আমাদের বিস্তারিত কথা হয়েছে। নতুন এই জলদস্যু বাহিনীকে ধরতে কোস্টগার্ড বৃহস্পতিবার সকাল থেকে চর মানিক, হাতিয়া ও রামগতি এলাকায় বিশেষ নজরদারি শুরু করেছে।’