বঙ্গোপসাগরে তিনটি ট্রলারসহ ১৫০ জেলেকে অপহরণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে গভীর বঙ্গোপসাগরে তিনটি ট্রলারসহ কমপক্ষে ১৫০ জন জেলেকে অপহরণ করেছে দস্যুরা। মাছধরার শতাধিক ট্রলারে হামলা চালিয়ে লুট করেছে প্রায় কোটি টাকার জাল, মাছ ও অন্য মালামাল।সুন্দরবন এলাকায় সক্রিয় সাগর ও মর্তুজা জলদস্যু বাহিনীর সদস্যরা বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত দফায় দফায় হামলা চালিয়ে এসব ট্রলারে লুটপাট চালায়। জলদস্যুদের লুণ্ঠনের শিকার হয়ে পাথরঘাটায় ফিরে আসা এফবি লাকি নামের একটি ট্রলারের জেলেরা এসব তথ্য জানিয়েছেন।অপহূত জেলেদের বাড়ি বরগুনার পাথরঘাটা, বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলা, পটুয়াখালীর কলাপাড়া এবং পিরোজপুরের পাড়েরহাট এলাকায়।গভীর সাগরে গণডাকাতির খবরে উপকূলের জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক জেলে ট্রলার নিয়ে বিভিন্ন ঘাটে আশ্রয় নিয়েছেন।ফিরে আসা জেলেরা বলেন, পাথরঘাটা থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে গভীর বঙ্গোপসাগরের লালবয়া ও ডুবোজাহাজ এলাকায় দু-তিন দিন ধরে ইলিশ মাছ ধরা পড়ায় কয়েক শ ট্রলার নিয়ে সেখানে মাছ ধরছিলেন জেলেরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকার কমপক্ষে ১০টি স্থানে ট্রলারের বহরে হঠাৎ হামলা চালায় জলদস্যু সাগর ও মর্তুজা বাহিনীর সদস্যরা। গতকাল বিকেল সাড়ে চারটা পর্যন্ত প্রায় ১০০ ট্রলারে লুটপাট চালায় তারা। এ ছাড়া বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় লুটপাট চালায় দস্যুরা। তারা ইলিশ মাছসহ প্রায় এক কোটি টাকার মালামাল নিয়ে যায়। এ সময় মুক্তিপণের দাবিতে পাঁচটি ট্রলারসহ অন্তত ১৫০ জন জেলেকে অপহরণ করে নিয়ে যায়।অপহূত জেলেদের মধ্যে সাতজনের নাম জানা গেছে। তাঁরা হলেন: পাথরঘাটার এফবি তারিকুল-১ ট্রলারের জাকির মাঝি, এফবি তারিকুল-৪ ট্রলারের কাওছার মাঝি, এফবি সীমা ট্রলারের শাহিন মাঝি, এফবি লাকি ট্রলারের অহিদুল মাঝি, এফবি নগরদ্বীপ ট্রলারের ইউনুছ মাঝি, এফবি তানিশা ট্রলারের হারুন মাঝি ও পাড়েরহাটের এফবি মা গঙ্গা ট্রলারের আবদুস ছাত্তার মাঝি।ফিরে আসা এফবি লাকি ট্রলারের জেলে হারুন ও নজরুল সাংবাদিকদের বলেন, সাগর বাহিনীর সদস্যরা অপহূত জেলেদের ঈদের আগে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনতে ট্রলারমালিকদের নির্দেশ দিয়েছে। অন্যথায় তাঁদের হত্যা করার হুমকি দেয়।বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘গতকাল বিকেল পর্যন্ত ওই এলাকায় ডাকাতি চলছিল বলে আমরা খবর পেয়েছি। দস্যুরা কমপক্ষে ১৫০ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে।’কোস্টগার্ডের পাথরঘাটা কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট ইশতিয়াক আহম্মেদ গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আমরা লোকমুখে ডাকাতির ঘটনা শুনেছি। ঘটনাস্থল গভীর সাগরে হওয়ায় সেখানে যাওয়ার মতো কোনো যানবাহন কোস্টগার্ডের নেই। ওই এলাকায় নৌবাহিনীর সদস্যরা কাজ করেন।’তবে বাগেরহাটের মংলায় কোস্টগার্ড পশ্চিম অঞ্চলের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মামুনুর রশীদ বলেন, জেলেদের কাছ থেকে বিষয়টি জানার পর অপহূত জেলেদের উদ্ধারে কোস্টগার্ড অভিযান শুরু করেছে। তবে এখনো পর্যন্ত কোনো জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি।[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, বরগুনা; পাথরঘাটা, বাগেরহাট ও মংলা প্রতিনিধি]