বঙ্গোপসাগরে তিনটি ট্রলারসহ ৪৭ জেলেকে অপহরণ
বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ৩২টি ট্রলারে হানা দিয়ে জলদস্যুরা অর্ধকোটি টাকার জাল লুট এবং তিনটি ট্রলারসহ ৪৭ জেলেকে অপহরণ করেছে। এ সময় তাদের হামলায় ১৩ জন জেলে আহত হন। গত রোববার রাতে বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সুন্দরবনের শরণখোলা রেঞ্জ-সংলগ্ন কচিখালী ও নারিকেলবাড়িয়ার মধ্যচর এলাকার বঙ্গোপসাগরে এই ঘটনা ঘটে।গতকাল সোমবার ডাকাতির শিকার হওয়া ট্রলারের ফিরে আসা জেলেরা এসব তথ্য দেন। আহত জেলেরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ফিরে আসা জেলেদের বরাত দিয়ে স্থানীয় জেলে শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান মাঝি বলেন, রোববার রাত নয়টার দিকে ট্রলারগুলোর জেলেরা ওই স্থানে মাছ ধরার প্রস্তুতি নেওয়ার সময় ২৫-৩০ জনের একদল জলদস্যু দুটি ট্রলারে করে এসে তাঁদের ওপর হামলা চালায়। জলদস্যুরা অস্ত্রের মুখে তাঁদের জিম্মি এবং এলোপাতাড়ি মারধর করে। প্রায় তিন ঘণ্টা ধরে জলদস্যুরা ট্রলারগুলোতে লুটপাট চালায়। পরে জলদস্যুরা অর্ধকোটি টাকার জাল, তিনটি ট্রলারসহ ৩২ জন জেলেকে অপহরণ করে নিয়ে যায়। জলদস্যুদের হামলার সময় ১৫-২০ জন জেলে সাগরে লাফিয়ে পড়েন। ১২ ঘণ্টা পর সোমবার সকালে তাঁদের উদ্ধার করা হয়।ফিরে আসা কয়েকজন জেলে বলেন, অপহূত জেলেদের মুক্তিপণ হিসেবে মাথাপিছু ৫০ হাজার থেকে এক লাখ টাকা দাবি করেছে জলদস্যুরা। হামলার শিকার হওয়া ট্রলারগুলোর মালিক ও জেলেদের বাড়ি বরগুনা ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়। অপহরণ করা ট্রলার তিনটি হলো এফবি খাদিজা, এফবি সেভেন স্টার ও এফবি আল্লাহর দান। অপহূত জেলেদের মধ্যে সাতজনের নাম জানা গেছে। তাঁরা হলেন: আলিম, নূর আলম, হারুন মাঝি, মোশারেফ মাঝি, ছগির মাঝি, লাল মিয়া ও মিজান সরদার। তাঁদের বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়।যোগাযোগ করা হলে কোস্টগার্ডের পাথরঘাটা ঘাঁটির কমান্ডার সাব লেফটেন্যান্ট হারুন অর রশিদ গতকাল সোমবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। আজ সকাল থেকে অপহূত জেলেদের উদ্ধারে সিজিএস নোয়াখালী নামের কোস্টগার্ডের একটি জাহাজ অভিযান শুরু করেছে।’বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, এ নিয়ে গত ১৫ দিনে জলদস্যুদের কাছে পাঁচটি ট্রলারসহ ১৫৭ জন জেলে জিম্মি রয়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত দেড় বছরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সুন্দরবনকেন্দ্রিক জলদস্যু বাহিনীর ১৮ জন নিহত হয়েছে। এর মধ্যে গত ছয় মাসে মারা গেছে সাতজন জলদস্যু।জেলেরা জানান, সম্প্রতি কয়েকজন জলদস্যু নেতা ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার ঘটনায় মাস খানেক তাদের তৎপরতা বন্ধ ছিল। তবে দুই সপ্তাহ ধরে তাদের তৎপরতা আবার বেড়ে গেছে।