বঙ্গোপসাগরে দুই দিনে ৯০ জেলে অপহূত
বাগেরহাটের মংলা বন্দর থেকে বঙ্গোপসাগরের প্রায় ১৩০ কিলোমিটার গভীরে গাংরাইন এলাকা থেকে জলদস্যুরা গত দুই দিনে ৯০ জেলেকে অপহরণ ও একটি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা ছিনতাই করেছে। গতকাল শুক্রবার শরণখোলা মৎস্যজীবী সমিতি এ দাবি করেছে।সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল সকালে গাংরাইন এলাকায় মাছ ধরার সময় এফবি মহিপুর-৬৬ নামের মাছ ধরার নৌকা ছিনতাই করে জলদস্যুরা। এ ছাড়া বিভিন্ন নৌকায় হানা দিয়ে লুটপাট শেষে ৫০ জন জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এর আগের দিন সকালে একই এলাকার বেশ কয়েকটি মাছ ধরার নৌকায় লুটপাট চালায় জলদস্যুরা। পরে অন্তত ৪০ জেলেকে অপহরণ করে। অপহূত জেলেদের বাড়ি শরণখোলা, পাথরঘাটা ও মহিপুর এলাকায়। প্রত্যেক জেলের জন্য এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করেছে জলদস্যুরা।সুন্দরবনের পূর্ব বিভাগীয় কর্মকর্তা মিহির কুমার দো মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মৎস্যজীবী সমিতির নেতা ও কয়েকজন জেলে মুঠোফোনে তাঁকে অপহণের ঘটনা জানিয়েছেন। কিন্তু এ বিষয়ে তাঁর কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। সুন্দরবন পূর্ব বিভাগের কোস্টগার্ডের সুপতি স্টেশনের কর্মকর্তাদের জেলেরা এ ঘটনা জানিয়েছেন বলেও দাবি করেছে মৎস্যজীবী সমিতি। মংলার কোস্টগার্ড পশ্চিম অঞ্চলের কর্মকর্তাদের মুঠোফোনে প্রথম আলোর পক্ষ থেকে দুই দিন ধরে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।