বঙ্গোপসাগরে দুর্ঘটনার কবলে লাইটার জাহাজ, ৯ জনকে উদ্ধার
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে পড়া একটি লাইটার জাহাজ থেকে নয়জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল রোববার দুপুরে তাঁদের উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বেলা দুইটায় ৬০০ টন কয়লা নিয়ে ‘এমভি কৃষ্ণচূড়া’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুর্ঘটনার কবলে পড়ে। প্রচণ্ড বাতাসে জাহাজটির ইঞ্জিনরুম বিকল হয়ে ভেতরে পানি ঢুকতে থাকে। এ সময় এমভি কৃষ্ণচূড়া থেকে সমুদ্রে কোস্টগার্ডের টহলরত জাহাজ ‘সিজিএস তৌহিদ’-এ বার্তা পাঠানো হয়। খবর পেয়ে সিজিএস তৌহিদের অধিনায়ক লে. কমান্ডার ওমর ফারুক জাহাজ নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নয়জনকে জীবিত উদ্ধার করেন।
বন্দরের নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, পরে আরেকটি লাইটার জাহাজের সাহায্যে দুর্ঘটনাকবলিত জাহাজটিকে টেনে কর্ণফুলী নদীর দিকে নিরাপদ আশ্রয়ে আনা হয়।
কোস্টগার্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন ইকবাল মোল্লা (৩৪), রানা মোল্লা (২৪), রাসেল মোল্লা (২৮), জুলফিকার আলী (৩৫), নাজির শেখ (১৮), জামাল শেখ (২৫), লালচান শেখ (২৩), এরশাদ মিয়া (৩৬) ও বাহার মিয়া (২৪)।
কোস্টগার্ডের উদ্ধার জাহাজের অধিনায়ক লে. কমান্ডার ওমর ফারুক জানান, উদ্ধার হওয়া নয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের সবার অবস্থা আশঙ্কামুক্ত।