বঙ্গোপসাগরে নিখোঁজ ১৪ জেলের তিন দিনেও খোঁজ মেলেনি

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগরে তিনটি মাছ ধরার ট্রলারডুবি ঘটনার তিন দিনেও ১৪ জেলের খোঁজ মেলেনি। তবে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনীর দুটি জাহাজ সাগরে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

নিখোঁজ ১৪ জেলে হলেন মোহাম্মদ রশিদ, মোহাম্মদ ইব্রাহিম, আবুল হোসেন, মতিউর রহমান, শাহ আলম, আবদুল্লাহ, মো. শফিক, আক্তার হোসেন, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ হামিদ, রবিউল আলম, মোহাম্মদ ইলিয়াছ, আবুল হাসিম ও ছৈয়দ আলম।

এ বিষয়ে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে কোস্টগার্ড সেন্ট মার্টিন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফয়েজুল ইসলাম মণ্ডল প্রথম আলোকে বলেন, সাগরে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে নিখোঁজ ১৪ জেলেকে উদ্ধার করতে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনীর দুটি জাহাজ উদ্ধার তৎপরতা চালাচ্ছে। শুক্রবার রাত আটটা পর্যন্ত জীবিত বা মৃত অবস্থায় কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। শনিবার সকাল থেকে ফের উদ্ধার তৎপরতা চলবে।

স্থানীয় সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল আমিন ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুল হক জানান, ট্রলারডুবিতে নিখোঁজ জেলেদের পরিবারগুলোতে হতাশা নেমে এসেছে।

গত বুধবার ভোরে হঠাৎ ঝোড়ো হাওয়ার কবলে পড়ে তিনটি ট্রলার ডুবে গেলে ৩২ জন নিখোঁজ হন। পরে ১৮ জনকে উদ্ধার করা হয়। বাকি ১৪ জনের কোনো হদিস পাওয়া যাচ্ছে না।