বঙ্গোপসাগরে নয় জেলেসহ ট্রলারডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর সমুদ্রসৈকত কুয়াকাটাসংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এফবি সাগর নামের একটি মাছ ধরার ট্রলার নয় জেলেসহ ডুবে গেছে। আট জেলেকে প্রায় পাঁচ ঘণ্টা পর উদ্ধার করা গেছে। কিন্তু আলতাফ (৩৫) নামের এক জেলে এখনো নিখোঁজ রয়েছেন। তাঁর বাড়ি কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের পশ্চিম ধুলাসার গ্রামে।ঝড়ের কবল থেকে ফিরে আসা এফবি সাগর ট্রলারের মাঝি ইউসুফ শিকদার জানান, শুক্রবার সকালে মৎস্যবন্দর মহিপুর থেকে মাঝিসহ নয় জেলে সাগরে মাছ ধরার জন্য রওনা দেন। কিছুদূর যাওয়ার পর হঠাৎ তাঁরা ঝড়ের কবলে পড়েন এবং প্রচণ্ড ঢেউয়ের তোড়ে পড়ে তাঁদের ট্রলারটি উল্টে যায়। অন্য একটি মাছ ধরার ট্রলার তাঁদের উদ্ধার করে নিয়ে আসে। রোববার পর্যন্ত নিখোঁজ জেলে আলতাফের কোনো খোঁজ মেলেনি। উদ্ধার করা যায়নি ট্রলারটিও। প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ট্রলারের জেলেরা জানিয়েছেন। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।