কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়ার পশ্চিমে বঙ্গোপসাগরে জলদস্যুদের তাণ্ডব অব্যাহত রয়েছে। জলদস্যুরা গত মঙ্গলবার বিকেলে পাঁচটি নৌযানে ডাকাতি করে ২০ লক্ষাধিক টাকার মাছ ও জাল লুট করে। তাদের হামলায় আহত হয়েছে অন্তত ১৫ জেলে। কুতুবজোম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও ঘটিভাঙ্গা এলাকার নুরুল আমিন বলেন, ঘটিভাঙ্গার জেলেরা গত রোববার মাছ ধরার পাঁচটি নৌযান নিয়ে সাগরে মাছ ধরতে যান। মাছ ধরে গত মঙ্গলবার বিকেলে তীরে ফেরার পথে এফবি সেলিম ও এফবি মায়ের দোয়া, মনিরুল ইসলাম ও আবদুস শুক্কুরের মালিকানাধীন পাঁচটি নৌযান জলদস্যুদের কবলে পড়ে। জলদস্যুরা এলোপাতাড়ি গুলি করে নৌযানগুলো থেকে ২০ লক্ষাধিক টাকার মাছ ও জাল লুট করে। এ সময় জলদস্যুদের হামলায় অন্তত ১৫ জন জেলে আহত হয়েছেন।এ ব্যাপারে গত মঙ্গলবার রাতে মহেশখালী থানায় লিখিত অভিযোগ করেছেন নৌযান-মালিক মনিরুল ইসলাম। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। জলদস্যুতা বন্ধে মহেশখালী চ্যানেলের আশপাশে পুলিশের টহল জোরদার করা হয়েছে।