বঙ্গোপসাগরে মাছের আকাল ৮০ হাজার জেলে বেকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে প্রায় দুই সপ্তাহ ধরে তেমন মাছ ধরা পড়ছে না। এ কারণে অন্তত পাঁচ হাজার ট্রলার মাছ শিকার বন্ধ রেখেছে। এতে বেকার হয়ে পড়ছেন প্রায় ৮০ হাজার জেলে।গত বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের প্রধান পাইকারি মাছের বাজার নুনিয়াছটা ফিশারি ঘাটে গিয়ে দেখা যায়, মাছের সরবরাহ অনেক কম। সকাল সাতটা থেকে বেলা ১১টা পর্যন্ত ৫০টির মতো মাছ ধরার ট্রলার ওই ঘাটে নোঙর করে; কিন্তু ট্রলারে তেমন মাছ নেই। মাছ ব্যবসায়ী ওমর কাজী জানান, প্রতিদিন এই বাজার থেকে অন্তত ৩০-৩৫ ট্রাক মাছ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। কিন্তু ১০-১৫ দিন ধরে এক ট্রাক মাছও সরবরাহ করা সম্ভব হচ্ছে না। প্রায় ২৭ বছর ধরে সাগরে মাছ ধরছেন এফবি গুলতাজ ট্রলারের মাঝি (সারেং) আমির হোসেন (৫৬)। তিনি বলেন, ‘এমন অবস্থা আগে কখনো দেখিনি। ইদানীং সাগরের পানি লালচে হয়ে যাওয়ায় মাছ গভীর সাগরে সরে গেছে বলে মনে হচ্ছে।’এফবি সোহেল ট্রলারের জেলে মো. আলমগীর (৪৫) জানান, ১৮ থেকে ২০ জন জেলে নিয়ে একটি ট্রলার সাগরে পাঁচ-সাত দিন অবস্থান করলে জ্বালানিসহ দেড় থেকে দুই লাখ টাকা খরচ হয়। কিন্তু ওই সময়ে মাছ পাওয়া যাচ্ছে মাত্র চার থেকে পাঁচ হাজার টাকার। কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান জানান, জেলায় প্রায় সাত হাজার ট্রলারে এক লাখের বেশি জেলে মাছ ধরেন। সাগরে মাছের আকাল দেখা দেওয়ায় পাঁচ হাজারের মতো ট্রলার মাছ ধরা বন্ধ রেখেছে। এতে প্রায় ৮০ হাজার জেলে বেকার হয়ে পড়েছেন। শহরের বড়বাজার, কালুরদোকান, স্টেডিয়াম মার্কেট, বাহারছড়া বাজার ঘুরে কোথাও সামুদ্রিক মাছ চোখে পড়েনি।বড়বাজারের মাছ ব্যবসায়ী আবদুল মুনাফ জানান, শহরের ৩০টির বেশি হোটেলের মালিক ইলিশ ও রূপচাঁদা মাছের জন্য অগ্রিম টাকা দিয়ে রাখেন। কিন্তু গত সাত দিনে চাহিদামতো মাছ সরবরাহ করা যায়নি। শহরের দারুচিনি রেস্তোরাঁর মালিক মোহাম্মদ মুছা জানান, পর্যটকেরা রূপচাঁদা ও ইলিশ খেতেই বেশি পছন্দ করেন। কিন্তু কোথাও এ মাছ পাওয়া যাচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা মত্স্য বিভাগের এক কর্মকর্তা জানান, ঠিক কী কারণে সাগরে এ রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা বলা যাচ্ছে না। এর কারণ খুঁজে দেখা দরকার। কিন্তু জলযান ও জনবলসংকটের কারণে কিছু করা যাচ্ছে না।