বঙ্গোপসাগরে লঘুচাপ ৩ নম্বর সতর্কসংকেত
ওডিশা উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। তাই চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলীয় এলাকাকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী ২৪ ঘণ্টা চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। গতকাল শুক্রবার সকালে আবহাওয়া দপ্তর এই সতর্কবার্তা জারি করেছে। চট্টগ্রামে গতকাল দুপুর থেকে থেমে থেমে মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয়। সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি হচ্ছিল।পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। ফলে দেশের দুই সমুদ্রবন্দর এবং উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।