বঙ্গোপসাগরে শ্রীলঙ্কার ২০ জেলেসহ ৪ ট্রলার আটক
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকার করার সময় শ্রীলঙ্কার ২০ জেলেসহ চারটি ফিশিং ট্রলার আটক করেছেন নৌবাহিনীর সদস্যরা।
নৌবাহিনী সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে চারটি ফিশিং ট্রলার দেখতে পায় নৌবাহিনী। পরে নৌবাহিনীর টহল জাহাজ বিএন আবু বক্করের অধিনায়ক ক্যাপ্টেন এ এস এম আবজারুল হকের নেতৃত্বে একটি টহল দল ওই চারটি ট্রলারকে থামানোর সংকেত দেয়। কিন্তু ট্রলারের চালকেরা তা অমান্য করে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাঁদের আটক করা হয়।
ওই ট্রলারগুলোতে ২০ জন জেলে মাঝি ছিলেন। জাল, মাছ ও বিভিন্ন প্রকারের মালামাল জব্দ করে আজ সোমবার বিকেল পাঁচটার দিকে টেকনাফ স্থলবন্দরের অভিবাসন জেটিতে ট্রলারগুলো আনা হয়। পরে ২০ জেলেকে টেকনাফ মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
জানতে চাইলে নৌবাহিনীর জাহাজ আবু বক্করের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট আকতার হোসেন বলেন, ওই ট্রলারগুলোকে যেখানে আটক করা হয় সেখান থেকে চট্টগ্রাম নৌবাহিনীর নৌঘাঁটির দূরত্ব ১৭৫ নটিক্যাল মাইল। গতি কম হওয়ায় এগুলোকে টেকনাফে আনতে তিন দিন সময় লেগেছে।
আকতার হোসেন আরও বলেন, আটক ট্রলার, জাল, মাছ ও বিভিন্ন প্রকারের মালামালের দাম ২৫ কোটি টাকা। ট্রলারসহ মালামাল টেকনাফ শুল্ক বিভাগে ও জেলেদের থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
টেকনাফ শুল্ক বিভাগের কর্মকর্তা নূরে আলম জানান, নৌবাহিনীর সদস্যরা আটক করা চারটি ফিশিং ট্রলার, মাছ, জালসহ বিভিন্ন ধরনের মালামাল শুল্ক বিভাগে জমা দিয়েছেন।
জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, আটক শ্রীলঙ্কার ২০ জেলের বিরুদ্ধে বৈদেশিক আইনে মামলার প্রক্রিয়া চলছে।