পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জানিয়েছেন, বঙ্গোপসাগরে মার্কিন সপ্তম নৌবহর মোতায়েন করা হয়েছে বলে পত্রপত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা বানোয়াট ও অসত্য। জাতীয় সংসদে গতকাল বুধবার টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে বিএনপির এ বি এম আশরাফউদ্দিন নিজানের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।দীপু মনি জানান, অনুমাননির্ভর এসব সংবাদ উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রকাশ করা হয়ে থাকে। এ বিষয়ে সরকার এরই মধ্যে প্রতিবাদ জানিয়েছে। যুক্তরাষ্ট্র সরকারও এ সংবাদ প্রত্যাখ্যান করেছে। তাদের পক্ষ থেকে এ বিষয়ে বাংলাদেশকে কোনো প্রস্তাবও দেওয়া হয়নি। আওয়ামী লীগের মুহিবুর রহমানের প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানো জটিল ও দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। ১৯৯১-৯২ সালে বাংলাদেশে নিবন্ধিত মিয়ানমারের শরণার্থীর সংখ্যা ছিল আড়াই লাখ। ২০০৫ সাল পর্যন্ত দুই লাখ ৩৬ হাজার জন শরণার্থীকে দেশে পাঠানো হয়েছে। বর্তমানে কক্সবাজারের নয়াপাড়া ও কুতুপালং ক্যাম্পে নিবন্ধিত শরণার্থীর সংখ্যা ২৫ হাজার ২৬৬ জন। পরিবার সম্প্রসারণের ফলে বর্তমানে এই সংখ্যা বেড়েছে। ২০১১ সালে প্রধানমন্ত্রীর মিয়ানমার সফরের মধ্য দিয়ে শরণার্থীদের প্রত্যাবাসনের একটি সুযোগ সৃষ্টি হয়েছে। শরণার্থীদের ফেরত পাঠাতে বাংলাদেশ কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।একই দলের হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, আটকে পড়া পাকিস্তানিদের তাদের দেশে ফেরত পাঠানোর বিষয়টি পুরোনো এবং বিভিন্ন ফোরামে আটকে পড়াদের দেশটিতে ফেরত নেওয়ার দাবি উঠছে। কিন্তু পাকিস্তান সরকার এ বিষয়ে তাদের অনীহা ও অসুবিধার কথা উল্লেখ করছে। ১৯৭১ সালের পর পাকিস্তানে ফেরত যেতে ইচ্ছুক পাঁচ লাখ ৩৯ হাজার ৯৪১ জনের একটি তালিকা প্রস্তুত করা হয়। আর যারা বাংলাদেশে থাকার ইচ্ছা প্রকাশ করেছে, তাদের নাগরিকত্ব দেওয়া হয়। পরবর্তী সময়ে পাকিস্তান সরকার এক লাখ ২৬ হাজার ৯৪১ জন আটকে পড়াকে দেশে ফিরিয়ে নেয়। ১৯৯২ সালে পাকিস্তান ৩০০ পরিবারকে ফেরত নেবে বলে জানায়। কিন্তু ১৯৯৩ সালে মাত্র ৫০ পরিবারকে ফেরত নেওয়ার পর প্রক্রিয়াটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়। পরবর্তী সময়ে বিভিন্ন ফোরামে বিষয়টি উত্থাপন করা হলেও সন্তোষজনক সুরাহা হয়নি।বিএসএফের হাতে ১৫১ বাংলাদেশি নিহত হয়েছে: বিএনপির নাজিম উদ্দিন আহমদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জানান, বর্তমান সরকারের আমলে সীমান্তে বিএসএফের (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) হাতে ১৫১ জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এই হত্যা বন্ধে দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে। ভারত সীমান্তে হত্যা বন্ধের ব্যাপারে ব্যবস্থা নিতে বাংলাদেশকে আশ্বস্ত করেছে। বিএনপির হারুনুর রশিদের প্রশ্নের জবাবে তিনি জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিএসএফের হাতে ১১ জন বাংলাদেশি নিহত এবং ২৭ জন আহত হয়েছেন।ফরিদা রহমানের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাজধানীসহ সারা দেশের মলম পার্টিকে দমন করার জন্য র্যাব ও পুলিশ কাজ করছে। গুপ্তচর নিয়োগের মাধ্যমে মলম পার্টির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। বাসস্ট্যান্ড এবং লঞ্চঘাটে অজ্ঞান পার্টির ওপর গোয়েন্দারা নজরদারি করছে।রেহানা আক্তারের প্রশ্নের জবাবে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার জানান, সর্বশেষ আদমশুমারির প্রতিবেদন অনুযায়ী তিন পার্বত্য জেলায় উপজাতির সংখ্যা দুই লাখ ৬০ হাজার এবং অ-উপজাতির সংখ্যা দুই লাখ ৪৭ হাজার জন।