বঙ্গোপসাগরে ১০ ট্রলারসহ ৫১ জেলেকে অপহরণ
সুন্দরবনের দুবলা রেঞ্জ-সংলগ্ন বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার কাছাকাছি এলাকায় মাছ ধরার সময় ১০টি ট্রলারসহ ৫১ জেলেকে অপহরণ করেছে দস্যুরা। এ সময় কমপক্ষে ৩০টি ট্রলার থেকে প্রায় ২৫ লাখ টাকার মাছ ও অন্যান্য সরঞ্জাম লুট করা হয়। সুন্দরবনকেন্দ্রিক জলদস্যু মেজো ভাই ও গামা বাহিনীর সদস্যরা গত সোমবার সন্ধ্যার পর থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত এই তাণ্ডব চালায়।বরগুনা ট্রলার মালিক সমিতির নেতারা জানান, সোমবার সন্ধ্যার পর থেকে ফেয়ারওয়ে বয়ার কাছে ট্রলার নিয়ে মাছ ধরার সময় জলদস্যু মেজো ভাই ও গামা বাহিনীর ২০-২৫ জন দস্যু আকস্মিক এসব ট্রলারে হামলা চালায়। এ সময় দস্যুরা কমপক্ষে ৩০টি ট্রলারে লুটপাট চালিয়ে প্রায় ২৫ লাখ টাকার ইলিশ মাছ, জাল ও অন্যান্য সরঞ্জাম নিয়ে যায়। পরে দস্যুরা এফবি মহসিনুল আউলিয়া ট্রলারের আবুল হোসেন মাঝিসহ চারজন, এফবি ইকরা ট্রলারের আবদুল আজিজ মাঝিসহ তিনজন, এফবি তরিকুল ট্রলারের ইউসুফ মাঝিসহ ১৯ জন, এফবি তন্ময় ট্রলারের হানিফ মাঝিসহ ১৯ জন, এফবি আছমা ট্রলারের দুলাল, এফবি তওবা ট্রলারের কাদের এবং এফবি তানিশা, এফবি তুবা, এফবি মায়ের দোয়া, এফবি আল্লাহর দান ট্রলারের একজন করে মোট ৫১ জন জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যায়। এসব জেলের বাড়ি পাথরঘাটা ও বরগুনার বিভিন্ন এলাকায়। লুট করা ১০টি ট্রলার হলো এফবি মহসিনুল আউলিয়া, এফবি ইকরা, এফবি তরিকুল, এফবি তন্ময়, এফবি তওবা, এফবি তানিশা, এফবি তুবা, এফবি মায়ের দোয়া, এফবি আছমা ও এফবি আল্লাহর দান।ডাকাতি শেষে ফিরে জেলেদের কাছে গামা বাহিনীর সদস্যরা একটি কাগজে তাদের চাহিদার তালিকা ধরিয়ে দেয়। এতে লেখা দুই কার্টন আপেল, ছয় কার্টন বেনসন সিগারেট, ছয় বস্তা মিনিকেট চাল ও নোকিয়া জি-৩৩ মডেলের কয়েকটি মোবাইল সেট দাবি করে। এ ছাড়া ওই কাগজে লেখা একটি মুঠোফোন নম্বরে (০১৭৫৬৬০১০৬৩) অপহূত জেলেদের স্বজনদের যোগাযোগ করতে বলে।জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আ. মান্নান মাঝি মুঠোফোনে বলেন, ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞার পরে সাগরে ট্রলার পাঠানোর প্রথম ট্রিপেই জলদস্যুদের হামলা হলো। এ রকম চলতে থাকলে অপহূতদের উদ্ধার করার পর মাইকিং করে সাগরে যাওয়া বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।কোস্টগার্ডের পাথরঘাটা ঘাঁটির কমান্ডার লেফটেন্যান্ট হারুন অর রশিদ বলেন, ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে ডাকাতির ঘটনা জানানো হয়েছে। সুন্দরবনের কচিখালীতে কোস্টগার্ডের জিসিএস বরগুনা নামের একটি জাহাজ টহলে আছে। তাদের সঙ্গে যোগাযোগ করে অপহূত জেলে ও ট্রলারগুলোকে উদ্ধারের তৎপরতা চালছে।