বঙ্গোপসাগরে ১৪০ জন জেলেসহ ১৩ ট্রলার নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটা থেকে ১০ কিলোমিটার দূরে দক্ষিণ বঙ্গোপসাগরের মোহনায় বুধবার রাতে একটি মাছধরা ট্রলার ডুবে গেছে। একই সঙ্গে পাথরঘাটার ১৪০ জন জেলেসহ ১৩টি ট্রলার নিখোঁজ রয়েছে। জানা গেছে, ঘূর্ণিঝড় লায়লার প্রভাবে সাগর উত্তাল হয়ে পড়ায় ১৩টি ট্রলার এখনো তীরে ফিরে আসেনি। এগুলোর মধ্যে পাথরঘাটা সদরের সেলিম মিয়ার দুটি, চরদুয়ানীর বাদশা মিয়া ও বাচ্চু মিয়ার তিনটি, কাঁঠালতলী এলাকার কালাম হোসেনের ও কালাম মাঝির চারটি, ইসমাইল হোসেন ও টেংরা গ্রামের মিন্টু মিয়ার একটি করে ট্রলার এবং এফবি কাজল ও মিন্টু নামে অপর দুটি ট্রলার নিখোঁজ রয়েছে। পাথরঘাটা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জানান, ১৩টি ট্রলার এখনো নিখোঁজ রয়েছে। এই ট্রলারগুলোয় ১৪০ জন জেলে রয়েছেন। তাঁদের বাড়ি পাথরঘাটা ও বরগুনার বিভিন্ন এলাকায়।