বঙ্গোপসাগরে ২২ জেলে অপহূত, ইলিশ লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী উপজেলা থেকে ২৫ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের পক্ষীদিয়া এলাকায় গত বুধবার রাতে মাছ ধরার ১৫টি ট্রলারে সুন্দরবনকেন্দ্রিক সশস্ত্র জলদস্যুরা হামলা চালিয়েছে। এ সময় দস্যুরা প্রায় ২৫ লাখ টাকার ইলিশ মাছ, জাল ও অন্য সরঞ্জাম লুট করে এবং তিনটি ট্রলারসহ ২২ জেলেকে অপহরণ করে সুন্দরবনের গভীরে তাদের আস্তানায় নিয়ে যায়।
অপহূত জেলেদের বাড়ি তালতলী উপজেলার বিভিন্ন গ্রামে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তালতলীতে ফিরে আসা ডাকাতির শিকার জেলেরা এসব তথ্য জানিয়েছেন।
ফিরে আসা জেলে কালাম মাঝি জানান, বুধবার রাত দেড়টার দিকে তালতলী থেকে দক্ষিণে সুন্দরবনসংলগ্ন পক্ষীদিয়ার চর এলাকায় ২৫-৩০ জন সশস্ত্র দস্যু মাছ ধরারত ট্রলারগুলোতে হামলা চালায়। এ সময় দস্যুরা এসব ট্রলারে অবস্থানরত জেলেদের বেধড়ক পেটায় এবং গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। দস্যুরা সেখানে অবস্থানরত ১৫টি ট্রলারের ইলিশ, জাল, মুঠোফোন, জ্বালানি ও খাবার লুট করে নেয়। গতকাল সকাল পর্যন্ত এই লুণ্ঠনের ঘটনা চলে। শেষে দস্যুরা ২২ জন জেলেসহ এফবি গাজী, এফবি মায়ের দোয়া ও এফবি সাইফুল নামের তিনটি ট্রলার নিয়ে যায়।
অপহূত জেলেদের মধ্যে ছয়জনের নাম জানা গেছে। তাঁরা হলেন ইউসুফ মাঝি, মো. সুমন, রুহুল আমিন, জাহাঙ্গীর হোসেন, মোতালেব মিয়া ও সাইফুল ইসলাম।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী গতকাল বিকেলে দস্যুদের এ হামলার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত দেড় মাসে বঙ্গোপসাগরে এ নিয়ে কমপক্ষে ৭০০ ট্রলারে লুণ্ঠন ও দেড় হাজারের বেশি জেলে অপহূত হয়েছেন।
জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান বলেন, সুন্দরবনের দুবলার চর এলাকা থেকে সম্প্রতি র‌্যাবের টহল ক্যাম্প প্রত্যাহার করার পর সুন্দরবনকেন্দ্রিক তিনটি দস্যু বাহিনী বেপরোয়া হয়ে উঠেছে। তিনি অবিলম্বে দুবলার চরে র‌্যাবের ক্যাম্প স্থাপন ও কোস্টগার্ডের টহল বৃদ্ধি করার দাবি জানান।
কোস্টগার্ডের তালতলী উপজেলার সকিনা ক্যাম্পের কন্টিনজেন্ট কমান্ডার শহিদুল ইসলাম জানান, বুধবার রাতে তাঁদের টহল দল বঙ্গোপসাগরে ছিল না। তবে ডাকাতি ও জেলে অপহরণের ঘটনা তাঁরা শুনেছেন, কিন্তু কেউ কোনো অভিযোগ করেননি।