বঙ্গোপসাগরে ২৫ ট্রলারে ডাকাতি ৩৬ জেলে অপহরণ
বঙ্গোপসাগরে জলদস্যুরা গত দুই দিনে অন্তত ২৫টি ট্রলারে ডাকাতি করেছে। এ সময় তারা পাঁচটি ট্রলারসহ ৩৬ জেলেকে অপহরণ করে নিয়ে যায়।
পরে এফবি মিনা-২ নামের একটি ট্রলার ওই জেলেদের মধ্যে ৩১ জনকে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার করে গতকাল বৃহস্পতিবার দুপুরে বরগুনার পাথরঘাটা কোস্টগার্ড ক্যাম্পে নিয়ে আসে।
উদ্ধার হওয়া চট্টগ্রামের বাঁশখালীর কাজল মাঝি ও দিপাল চন্দ্র এবং পটুয়াখালীর মহিপুরের জেলে জাহাঙ্গীর হোসেন ও আবু বকর সিদ্দিকের বরাত দিয়ে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ খবর নিশ্চিত করেছেন।
ফিরে আসা জেলে নাসির উদ্দিন, খলিল চৌকিদার ও আনছার মাঝির সঙ্গে কথা বলে বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আ. মন্নান মাঝি জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার গভীর রাত পর্যন্ত দুই দিনে সাগরে অন্তত ২৫টি ট্রলারে ডাকাতি হয়েছে। এ সময় পাঁচটি ট্রলারসহ ৩৬ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে জলদস্যুরা। পাঁচটি ট্রলারের মধ্যে তিনটির নাম জানা গেছে। এগুলো হলো বাগেরহাটের রায়েন্দার মায়ের দোয়া-২, চট্টগ্রামের বাঁশখালীর এফবি চাঁদ ও উষনা। পরে দস্যুরা মারধর করে ৩১ জেলেকে সাগরে ফেলে দেয়।
প্রায় পাঁচ ঘণ্টা পর বরগুনার পাথরঘাটার এফবি মিনা-২ নামের একটি ট্রলার তাঁদের উদ্ধার করে। ট্রলারটি তাঁদের নিয়ে গতকাল দুপুরে পাথরঘাটা কোস্টগার্ড ক্যাম্পে আসে। উদ্ধার করা জেলেদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী, পটুয়াখালীর মহিপুর, পিরোজপুরের মঠবাড়িয়া ও তুষখালী এবং বরগুনার পাথরঘাটায়।
এ ব্যাপারে কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. শহিদ আল হাসান জানান, উদ্ধার হওয়া জেলেদের নিজ নিজ এলাকায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। ছিনিয়ে নেওয়া ট্রলারের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে এ ব্যাপারে জেলেরা সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারছেন না।