বঙ্গোপসাগরে ৫০টি ট্রলারে ডাকাতি, ৬৫ জেলে অপহূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় সুন্দরবনের অদূরে বঙ্গোপসাগরের নাইল্যা ও মাঝের খাড়ি নামক স্থানে গত সোমবার জলদস্যুরা অর্ধশত ট্রলারে ডাকাতি শেষে ১৫ জেলেকে অপহরণ ও ছয়টি ট্রলার লুট করে নিয়ে গেছে। রোববার গভীর রাতে সাতক্ষীরার শিবসা চরসংলগ্ন সাগরে ইলিশ শিকারিদের ট্রলারে হামলা চালিয়ে কমপক্ষে ৫০ জন জেলেকে অপহরণ এবং পাঁচটি ট্রলার লুট করেছে জলদস্যুরা। অপহূত জেলেদের বাড়ি চট্টগ্রাম ও পটুয়াখালীর উপকূলীয় বিভিন্ন এলাকায়। একের পর এক ট্রলার লুট ও জেলে অপহরণের ঘটনায় উপকূলীয় এলাকার জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।নাইল্যা ও মাঝের খাড়ি নামক স্থানে জলদস্যুদের কবলে পড়া ট্রলারগুলোর অধিকাংশই চট্টগ্রামের বাঁশখালী এবং কক্সবাজারের কুতুবদিয়া ও পেকুয়া উপজেলার। সেখান থেকে ফিরে আসা কয়েকজন জেলে জানান, ওই এলাকায় মাছ ধরার সময় সোমবার সকালে একটি ট্রলারে করে ৩০-৩২ জন জলদস্যু প্রায় ৫০টি মাছ ধরার ট্রলারে ডাকাতি করে। এর মধ্যে বাঁশখালী, কুতুবদিয়া, পেকুয়া উপজেলার ১৫-২০টি ট্রলার ছিল। জলদস্যুরা ১৫ জন জেলেকে অপহরণ ও ছয়টি ট্রলার লুট করে নিয়ে গেছে। লুট হওয়া ট্রলার এফবি আল্লাহর দানের মালিক বাঁশখালীর বদ কোম্পানী বলেন, জলদস্যুরা মুঠোফোনে প্রতি ট্রলারের জন্য পাঁচ লাখ টাকা এবং প্রতি জেলের জন্য দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাগরে নির্বিঘ্নে ইলিশ শিকারের জন্য জলদস্যুদের কাছ থেকে আগাম নিরাপত্তা টোকেন না নেওয়ায় জেলেদের অপহরণ করে মুক্তিপণ হিসেবে জনপ্রতি এক লাখ থেকে দুই লাখ টাকা পর্যন্ত আদায় করছে তারা।কলাপাড়ার মহীপুর-আলীপুর মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, গত রোববার রাত আনুমানিক দেড়টার দিকে জলদস্যুরা শিবসা চরসংলগ্ন সাগরে মাছ ধরার সাতটি ট্রলারে হামলা চালায়। এ সময় জলদস্যুরা মাছ, জাল, জ্বালানিসহ পাঁচটি ট্রলার লুট করে এবং কমপক্ষে ৫০ জন জেলেকে অপহরণ করে। জলদস্যুদের কাছ থেকে মুক্তি পাওয়া বেশ কজন জেলে মহীপুর ফিরে সমিতিকে বিষয়টি জানিয়েছেন।কলাপাড়ার মহীপুর মৎস্য বন্দরের ব্যবসায়ী ও গাজী ফিশের মালিক গাজী মজনু জানান, মুক্তি পাওয়া জেলেরা তাঁদের জানিয়েছেন যে জলদস্যুরা লুট হওয়া ট্রলারপ্রতি দুই লাখ টাকা দাবি করছে।মহীপুর-আলীপুর মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ফজলু গাজী জানান, আতঙ্কের কারণে ভরা মৌসুমেও জেলেরা গভীর সাগরে ইলিশ শিকারে যেতে পারছেন না।কোস্টগার্ডের কলাপাড়া কন্টিনজেন্ট কমান্ডার মো. লাবু খান জানান, পটুয়াখালীর মহীপুর-আলীপুর এলাকার পাঁচটি ট্রলার ও বেশ কিছু জেলেকে জলদস্যুরা অপহরণ করেছে বলে তাঁরা খবর পেয়েছেন। ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য খুলনা কোস্টগার্ডের পশ্চিম জোনের কন্টিনজেন্টকে জানানো হয়েছে। ইতিমধ্যে সুন্দরবনসংলগ্ন কটকা ও বলেশ্বর এলাকায় তাঁরা অভিযানে নেমেছেন। এ ছাড়া কুয়াকাটাসংলগ্ন সাগরেও তাঁরা টহল অব্যাহত রেখেছেন।