বঙ্গোপসাগরের সম্পদ ব্যবহারে আঞ্চলিক সহযোগিতা দরকার
জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও বঙ্গোপসাগরের সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হলে আঞ্চলিক সহযোগিতার সম্পর্ক বাড়াতে হবে। সংশ্লিষ্ট দেশগুলোর সরকারগুলোর মধ্যে সম্পর্ক জোরদার করার পাশাপাশি নাগরিক সংগঠনগুলোর মধ্যেও যোগাযোগ বাড়াতে হবে।
আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জলবায়ু পরিবর্তন, বঙ্গোপসাগর ও আঞ্চলিক সহযোগিতা’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
সেমিনারে নাগরিক সমাজের প্রতিনিধিরা জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জনগণের বৃহত্তর স্বার্থে প্রাকৃতিক সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেন। এ জন্য তাঁরা বঙ্গোপসাগরের চারপাশের রাষ্ট্রগুলোর সহযোগিতা জোট বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল কো-অপারেশনের (বিমসটেক) সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা শক্তিশালী করার আহ্বান জানান। ঢাকার আমেরিকান সেন্টারের সহযোগিতায় বেসরকারি সংস্থা কোস্ট ট্রাস্ট এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে সভাপতির বক্তব্যে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত সার্কের তিনটি ঘোষণাপত্র রয়েছে, কিন্তু তা বাস্তবায়নে রাজনৈতিক উদ্যোগ খুবই অপ্রতুল। সদস্যরাষ্ট্রগুলোকে এ বিষয়ে গুরুত্ব দিতে হবে।
হাছান মাহমুদ বলেন, এ অঞ্চলের দেশগুলো জীবাশ্ম জ্বালানি থেকে বের হয়ে আসতে চাইছে। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানে জলবিদ্যুতের প্রচুর সম্ভাবনা রয়েছে। এসব এলাকার টেকসই উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের জন্য এসব সম্ভাবনাকে কাজে লাগানো প্রয়োজন।
মূল প্রবন্ধে সৈয়দ আমিনুল হক বঙ্গোপসাগর অঞ্চলের ছয়টি দেশের ছয়জন লেখকের প্রবন্ধের সারসংক্ষেপ উপস্থাপন করেন। তাতে উল্লেখ করা হয়, ভুটান, বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও নেপালের মতো দেশে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জীববৈচিত্র্য, ম্যানগ্রোভ বন, বর্জ্য, পানি ব্যবস্থাপনা এবং স্থানীয় পর্যায়ের অভিযোজন পরিকল্পনার ক্ষেত্রে বেশ কিছু ভালো উদাহরণ আছে। দেশগুলো এসব ভালো কাজ অনুসরণ করতে পারে।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) হাসিব মো. ইরফানুল্লাহ জলবায়ু অভিযোজনেরÿক্ষেত্রে বাংলাদেশের কিছু উদাহরণ তুলে ধরে বলেন, স্থানীয় পর্যায়ে জলবায়ু অভিযোজনের ক্ষেত্রে বাংলাদেশের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।
ক্লাইমেটে অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়ার পরিচালক সঞ্জয় ভাহসিস্ট বলেন, আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে কৃষিপ্রযুক্তি, পানির নিরাপত্তা এবং জ্বালানি ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দিতে হবে। দীর্ঘমেয়াদি ও আন্তসীমান্ত সহযোগিতা প্রয়োজন।
সভায় বিশেষ অতিথি ছিলেন ভুটান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ডোমাং, মার্কিন দূতাবাসের জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা কেভিন এডকিন, আমেরিকান সেন্টারের সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা কেলি আর আরিয়ান, ভারতীয় দূতাবাসের প্রতিনিধি সজীব আহমেদ এবং বিএনএনআরসির এ এইচ এম বজলুর রহমান। সেমিনারটি সঞ্চালনা করেন কোস্ট ট্রাস্টের রেজাউল করিম চৌধুরী।